Parliament INDIA Alliance: প্রতিদিন একটি করে জনস্বার্থ ইস্যু, কেন্দ্রকে চাপে ফেলতে কী স্ট্র্যাটেজি কষছে INDIA জোট? | Parliament Monsoon Session Update: From NEET Paper Leak to Ram Mandir Donation Theft, What Issues Opposition will bring in Parliament
ফের বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। ফাইল চিত্র। Image Credit: PTI
নয়া দিল্লি: আজ থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Session)। এবার অধিবেশনের প্রথম দিন থেকেই উত্তেজনার পারদ থাকবে তুঙ্গে। একদিকে যেমন এনডিএ-র শরিকের সংখ্যা বাড়ছে, সেখানেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের পর খণ্ড খণ্ড হয়েছে বিরোধী ইন্ডিয়া জোট। তবে সংসদে কি তারা একজোটে কেন্দ্রকে আক্রমণ শানাতে পারবে?
আজ সংসদের বাদল অধিবেশন শুরুর আগে, সকাল ১০টায় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের চেম্বারে ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠক ডাকা হয়েছে। সংসদে বিরোধীদের কৌশল নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। ইন্ডিয়া জোটের সমস্ত সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে অংশ নিতে।
জানা গিয়েছে, প্রতিদিন একটি করে জনস্বার্থের ইস্যু সংসদে তুলে ধরার প্রস্তুতি নিয়েছে ইন্ডিয়া জোট।
সংসদে যেসব বিষয় তুলতে চলেছে বিরোধীরা, সেগুলি হল:
১. নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
2. পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা
3. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি
4. মূল্যবৃদ্ধি
5. অযোধ্যা রামমন্দিরের অনুদান চুরির অভিযোগ
6. গাড়ির মালিকদের ওপর E20 ইথানল মিশ্রিত পেট্রোল চাপিয়ে দেওয়ার অভিযোগ
7. কৃষকদের সমস্যা
8. ক্রমবর্ধমান বেকারত্ব
9. ‘অপারেশন সিঁদুর’-এর সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদকে বিভ্রান্ত করেছেন—এই অভিযোগ
10. ভারতের বিদেশনীতি
11. আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি
12. চীন সীমান্ত ইস্যু
13. এসআইআর (SIR) প্রক্রিয়া
14. রাজনৈতিক দলগুলিতে ভাঙন ধরানোর অভিযোগ
15. তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ
এইসব গুরুত্বপূর্ণ বিষয় সংসদে জোরালোভাবে উত্থাপন করবে বিরোধী শিবির। তবে তাদের কণ্ঠ কতটা জোরালো হবে, তা নিয়ে সংশয় রয়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদ বিদ্রোহ ঘোষণা করে এনসিপিআই দলে মিশে গিয়েছে। অন্যদিকে, তামিলনাড়ু নির্বাচনের পর কংগ্রেস সরকার গড়তে বিজয়ের টিভিকে দলকে সমর্থন করায় বিক্ষুব্ধ ডিএমকে। তারা ইন্ডিয়া জোট ছেড়ে দিতে পারে।
শোনা যাচ্ছে, ইন্ডিয়া জোটের অন্যতম শরিক, শরদ পওয়ারের এনসিপি-ও এবার অবস্থান বদল করতে পারে। এবারের অধিবেশনে যদি আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল ফের একবার পেশ করে কেন্দ্র, তাহলে সেই বিলে সমর্থন করবে শরদ পওয়ারের এনসিপি। অর্থাৎ ইন্ডিয়া জোট আরও দুর্বল হচ্ছে।