France vs Spain: পেদ্রিকে ফের বেঞ্চে রাখল স্পেন, দুয়ের বদলে ফ্রান্সের একাদশে বারকোলা
২০২৬ ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রথম ফাইনালিস্ট নির্ধারণের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ফ্রান্স (France) ও স্পেন (Spain)। কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) এবং লামিনে ইয়ামালের (Lamine Yamal) নেতৃত্বে দুই দলই সেমিফাইনালে উঠেছে দুর্দান্ত পারফরম্যান্স করে। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ধরা হয়েছিল তাদের, আর সেই প্রত্যাশার মর্যাদাও রেখেছে দুই দল।
এমবাপের নেতৃত্বে ফ্রান্সের আক্রমণভাগ ছিল ভয়ঙ্কর ধারালো। একের পর এক ম্যাচে গোল করে প্রতিপক্ষকে চাপে রেখেছে তারা। অন্যদিকে স্পেনের শক্তি তাদের রক্ষণভাগ। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করেছে, সেটিও বেলজিয়ামের (Belgium) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে। তাই বিশ্বের অন্যতম সেরা দুই দল এবং দুই মহাতারকার এই লড়াই বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলির একটি হতে চলেছে।
চলতি বিশ্বকাপে এমবাপে ইতিমধ্যেই ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে যৌথ ভাবে শীর্ষে রয়েছেন। তবে সাম্প্রতিক পরিসংখ্যান স্পেনকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। ইউরো ২০২৪-এর সেমিফাইনাল এবং উয়েফা নেশনস লিগের (UEFA Nations League) ফাইনাল— দু’বারই ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। সেই স্মৃতি সঙ্গে নিয়েই আরও একটি মহারণে নামছে ইয়ামালদের দল।