প্রথম আলাপে প্রিয়াঙ্কার কী দেখতে চেয়েছিলেন নিক? গোপন তথ্য ফাঁস দেশিগার্লের | Priyanka chopra reveals nick jonas first text unusual photo request - 24 Ghanta Bangla News
Home

প্রথম আলাপে প্রিয়াঙ্কার কী দেখতে চেয়েছিলেন নিক? গোপন তথ্য ফাঁস দেশিগার্লের | Priyanka chopra reveals nick jonas first text unusual photo request

Spread the love

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের রূপকথার মতো প্রেমকাহিনির শুরুটা ঠিক কেমন ছিল? ডেটিং শুরু করার প্রায় দেড় বছর আগের সেই প্রথম কথোপকথনের স্মৃতি এবার খোলসা করলেন প্রিয়াঙ্কা। জানা গেল, ২০১৬ সালে টুইটার (বর্তমানে এক্স) ইনবক্সে তাঁদের এই প্রেমের গল্পের বীজ বপন হয়েছিল।

সম্প্রতি পডকাস্ট শো ‘হে জোনাস’ (Hey Jonas)-এর ১৪ জুলাইয়ের পর্বে হাজির হয়েছিলেন এই তারকা জুটি। সেখানে নিকের দুই ভাই জো জোনাস এবং কেভিন জোনাস যখন সবার সামনে তাঁদের সেই প্রথম দিককার মেসেজগুলো জোরে জোরে পড়ছিলেন, তখন প্রিয়াঙ্কা ও নিককে একে অপরের হাত ধরে লজ্জায় কুঁকড়ে যেতে দেখা যায়। আর সেখানেই দেশি গার্ল ফাঁস করলেন এক অদ্ভুত দাবি। টুইটার ছেড়ে যখন তাঁরা ফোনে টেক্সট করা শুরু করেন, তখন প্রিয়াঙ্কা সত্যিই ‘প্রিয়াঙ্কা’ কি না, তা নিশ্চিত করতে তাঁর কাছে একটি টাইমস্ট্যাম্পসহ ছবি দাবি করেছিলেন পপ তারকা নিক!

এই চ্যাটের সূত্রপাত অবশ্য নিকের বড় ভাই কেভিনের হাত ধরে। কেভিন নিককে জিজ্ঞেস করেছিলেন, তিনি প্রিয়াঙ্কা অভিনীত এবিসি (ABC)-র জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’ দেখেছেন কি না। নিক সিরিজটি না দেখলেও, আমেরিকার রাস্তায় প্রিয়াঙ্কার একটি বিশাল বিলবোর্ড দেখেই মজেছিলেন। সেই বিলবোর্ডই তাঁকে প্রিয়াঙ্কাকে মেসেজ করতে উদ্বুদ্ধ করে।

পডকাস্টে জো জোনাস নিকের পাঠানো সেই প্রথম টুইটার ডিএম-টি (DM) পড়ে শোনান। যেখানে নিক নিজেকে আলাপ করিয়ে লিখেছিলেন, “হ্যালো। বেশ কয়েকজন আমাকে বলেছেন যে আমাদের দেখা করা উচিত। আমিও তাঁদের কথার সঙ্গে একমত..। তুমি কি খুব শীঘ্রই লস অ্যাঞ্জেলেসে আসছ?”

তাঁদের যৌথ বন্ধু গ্রাহাম রজার্স আগেই প্রিয়াঙ্কাকে নিকের ব্যাপারে টুকটাক জানিয়েছিলেন। তাই নিকের মেসেজ পেয়ে প্রিয়াঙ্কা উত্তর দেন, “হে.. গ্রাহাম তোমার ব্যাপারে অনেক কিছু বলেছে। চলো টেক্সট মেসেজে কথা বলি। ওটা বেশি প্রাইভেট হবে। কারণ আমার টিম এই টুইটার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারে।” এরপরই তাঁরা ব্যক্তিগত নম্বরে কথা বলা শুরু করেন। কেভিন যখন তাঁদের ফোনের প্রথম মেসেজটি দেখতে চান, নিক রসিকতা করে বলেন, “ওটা তোমরা দেখতে পাবে না!”

ফোনে কথা শুরু হতেই নিক যে অদ্ভুত কাণ্ডটি ঘটিয়েছিলেন, তা মনে করে হাসিতে ফেটে পড়েন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “আমি বলছি প্রথম টেক্সটটা কী ছিল। ও আসলে নিশ্চিত হতে চাইছিল যে ও সত্যিই আমার সঙ্গেই কথা বলছে। তাই ও আমাকে সেই মুহূর্তে ক্যামেরার দিকে তাকিয়ে, কারেন্ট টাইমস্ট্যাম্পসহ একটা ছবি পাঠাতে বলে। আমার মনে হয়েছিল— এই ছেলেটা এখনই আমাকে এত সন্দেহ করছে! তবে ওর এই সততা আমার ভালোও লেগেছিল।”

টুইটারে এই আলাপের প্রায় দেড় বছর পর প্রিয়াঙ্কা ও নিক অফিশিয়ালি ডেটিং শুরু করেন। আর প্রেম শুরুর মাত্র আড়াই মাসের মাথায়, ২০১৮ সালের জুলাই মাসে বাগদান সারেন এই তারকা জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *