হিজাব-বিরোধী বিক্ষোভ ঘিরে উত্তপ্ত পশ্চিম আফগানিস্তান, মৃত অন্তত ২
হিজাব পরা নিয়ে নয়া ফরমান দিয়েছে তালিবান। তাদের সেই ফরমান মেনে হিজাব না পরায় একাধিক মহিলাকে গ্রেপ্তার করাও হয়েছে। তালিবানি এই ফতোয়ার বিরুদ্ধে এ বার পথে নেমেছেন আফগানিস্তানের মহিলারা। জানা গিয়েছে, মঙ্গলবার, পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে বিক্ষোভে সামিল হন মহিলারা। তবে, মহিলাদের এই অধিকার বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে নিরাপত্তাবাহিনী। সংবাদ সংস্থা সূত্রে খবর, বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানোও হয়। তাতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। এর আগে পোশাক বিধি লঙ্ঘনের অভিযোগে অনেক মহিলাকে আটক করে তালিবান পুলিশ। তালিবান সরকারের এই ‘নীতি পুলিশ’ কাজ নিয়ে প্রশ্ন তুলেছে একাধিক মানবাধিকার সংগঠন।