হাসপাতালে পাপিয়া অধিকারী, হয়েছে অস্ত্রোপচারও, হঠাৎ কী হল বিধায়কের? | tollywood actress papiya adhikari hospitalised health update
হাসপাতালে ভর্তি টলিউড অভিনেত্রী ও বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। সূত্রের খবর, শনিবার তাঁকে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে এ দিন তাঁর একটি মাইক্রো সার্জারি করা হয়। পাপিয়ার সোশাল মিডিয়াতেই বেশ হাসপাতালের বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে।
তা কী হয়েছে পাপিয়ার?
টিভি নাইন বাংলাকে পাপিয়া অধিকারী জানান, ডান হাতের মধ্যমায় ইনফেকশন হয়। এই সংক্রমণের কারণে আঙুলটি মারাত্মক ফুলে যায়। এই আঙুলের জন্য ডানহাতে কোনওরকম কাজ করতে পারছিলেন না পাপিয়া। ডাক্তার তাঁকে জানিয়েছেন এই অবস্থায় যদি বেশিদিন আঙুলটি থাকত, তাহলে কেটে বাদ দিতে হত। এই কারণেই দ্রুত একটি মাইক্রোসার্জারি করতে হয়েছে। প্রায় ৪০ মিনিট ধরে অস্ত্রোপচার চলে পাপিয়ার।
বাঙুরের মতো সরকারি হাসপাতালের প্রশংসা করে পাপিয়া বলেন, ”আমি টালিগঞ্জের বাসিন্দা। তাই বাঙুরই আমার যাওয়াটাই সুবিধাজনক। তাছাড়াও বাঙুরের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ভালো। অপারেশন থিয়েটারও দারুণ। আমি যখন গিয়েছি, খুবই সচেতন ও যত্ন করে আমার চিকিৎসা করেছে। তাহলে অন্য কোথাও যাব কেন!”
পাপিয়া অধিকারীর আচমকা অসুস্থতার খবরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে টলিপাড়া থেকে শুরু করে রাজ্য রাজনীতির অলিন্দে। তাঁর অসুস্থ হওয়ার খবরটি জানাজানি হতেই উদ্বেগ প্রকাশ করেছেন বহু সতীর্থ ও অনুগামীরা। তবে আপাতত উদ্বেগের মেঘ কিছুটা কেটেছে এবং দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিনেত্রীর পরিবারের সদস্যরা।