দীর্ঘদিন উজ্জ্বল রাখতে মানুন এই টিপস। Ei Samay
পার্লার থেকে হেয়ার কালার করানোর পর চুলের উজ্জ্বলতা, মসৃণতা এবং ঝলমলে রং মন ভালো করে দেয়। কিন্তু কয়েকবার শ্যাম্পু করার পরই সেই রং ফিকে হয়ে যেতে শুরু করে। অবাঞ্ছিত হলদে কিংবা তামাটে আভা দেখা দেওয়াও খুবই সাধারণ সমস্যা। কী ভাবে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন? শুধু ভালো মানের হেয়ার কালার ব্যবহার করলেই হবে? রং দীর্ঘদিন টিকিয়ে রাখতে কোন পদ্ধতিতে পরিচর্যা করবেন?
হেয়ার কালারের আগে চুল প্রস্তুত করুন
হেয়ার কালার করার আগে চুল পরিষ্কার রাখা খুবই জরুরি। যদি চুলে অতিরিক্ত তেল, ধুলো বা স্টাইলিং প্রোডাক্টের আস্তরণ জমে থাকে, তা হলে রং সমান ভাবে বসে না। তাই কালার করার কয়েক দিন আগে একটি ভালো ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করে চুল পরিষ্কার করুন। পাশাপাশি চুলের আগা ফাটা থাকলে সামান্য ট্রিম করিয়ে নিন। কারণ শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুলে রং দ্রুত ফিকে হয়ে যায়।
প্রথম ৪৮ থেকে ৭২ ঘণ্টা চুল ধোবেন না
হেয়ার কালার করার পর অন্তত ৪৮ থেকে ৭২ ঘণ্টা চুল না ধোওয়ার পরামর্শ দেন অনেক বিশেষজ্ঞ। এই সময়ের মধ্যে চুলের কিউটিকল পুরোপুরি বন্ধ হয়ে রংকে চুলের ভিতরে আটকে রাখতে সাহায্য করে। খুব তাড়াতাড়ি শ্যাম্পু করলে নতুন রং দ্রুত ধুয়ে যেতে পারে।
চুল ধোওয়ার অভ্যাস বদলান
গরম জল দিয়ে চুল ধুলে কিউটিকল খুলে যায় এবং রং দ্রুত ফিকে হয়ে যায়। তাই সবসময় কুসুম গরম বা ঠান্ডা জল ব্যবহার করুন। সপ্তাহে দু’ থেকে তিনবারের বেশি শ্যাম্পু না করাই ভালো। মাঝের দিনগুলোতে প্রয়োজন হলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এ ছাড়া সালফেটযুক্ত শ্যাম্পু এড়িয়ে কালার-সেফ ও পিএইচ-ব্যালান্সড শ্যাম্পু ব্যবহার করলে রং দীর্ঘদিন উজ্জ্বল থাকে।