রেজিস্ট্রেশন, চয়েজ় ফিলিংয়ে তিনটি সুযোগ জয়েন্ট বোর্ডের - 24 Ghanta Bangla News
Home

রেজিস্ট্রেশন, চয়েজ় ফিলিংয়ে তিনটি সুযোগ জয়েন্ট বোর্ডের

Spread the love

এই সময়: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হলো বৃহস্পতিবার। তবে কবে থেকে কাউন্সেলিং বা ভর্তি–প্রক্রিয়া শুরু হবে, তা এ দিন জানাতে পারেনি জয়েন্ট বোর্ড। বোর্ডের চেয়ারপার্সন গৌতম পাল জানিয়েছেন, উচ্চশিক্ষা বিভাগ থেকে আসন সংখ্যা কনফার্ম করা হলে দ্রুত কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করা হবে। তবে এ বছর ইঞ্জিনিয়ারিং পড়তে চান এমন ছাত্রছাত্রীদের জন্যে এক গুচ্ছ নতুন সুযোগ–সুবিধা ঘোষণা করেছে বোর্ড। যাতে ভর্তি–প্রক্রিয়ায় পড়ুয়ারা যথেষ্ট সুযোগ পান এবং অ্যাডমিশন–প্রসেস সরল হয়—সেই লক্ষ্যে একাধিক পদক্ষেপের কথা জানানো হয়েছে বোর্ডের তরফে।

যেমন এতদিন পর্যন্ত কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার জন্যে পড়ুয়ারা এক বারই রেজিস্ট্রেশনের সুযোগ পেতেন। এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হতো। কিন্তু এ বার থেকে তিন রাউন্ড কাউন্সেলিংয়ে তিন বার রেজিস্ট্রেশনের সুযোগ মিলবে। কেউ যদি প্রথম রাউন্ডে রেজিস্ট্রেশন করতে নাও পারেন, দ্বিতীয় বা তৃতীয় বার সুযোগ পাবেন তাঁরা। জেইই মেনস এবং অ্যাডভান্সের মাধ্যমে যে সব পড়ুয়া কেন্দ্রীয় প্রতিষ্ঠানে ভর্তির জন্যে অপেক্ষা করেন, তাঁদের মধ্যে অনেকেরই শেষ পর্যন্ত সেখানে সুযোগ হয় না। এ দিকে জয়েন্ট বোর্ডের রেজিস্ট্রেশনের ডেট চলে যাওয়ার পরে এমন অনেক পড়ুয়া থেকে যান, যাঁদের বছর নষ্ট হতো। নতুন ব্যবস্থায় সেই পড়ুয়াদের বিশেষ সুবিধা হবে।

এতদিন পর্যন্ত কাউন্সেলিংয়ের একেবারে শুরুতেই কোন পড়ুয়া কোন কোন প্রতিষ্ঠানে কোন কোন সাবজেক্টে পড়তে চান—সেই ‘চয়েজ় ফিলিং’ করতে হতো। সেই সুযোগ এক বারই দেওয়া হতো। কিন্তু এ বার থেকে মোট তিনটি রাউন্ডে তিন বার চয়েজ় ফিলিং করতে পারবেন পড়ুয়ারা। ফলে প্রথম রাউন্ডে কোনও পড়ুয়া যদি চয়েজ় ফিলিং করে বুঝতে পারেন যে তাঁর সাবজেক্ট এবং প্রতিষ্ঠানের নির্বাচন ভুল হয়েছে, তাঁর কাছে আরও দু’বার চয়েজ় ফিলিংয়ের সুযোগ থাকছে।

joint entrance exam

এ বছর কাউন্সেলিংয়ে আরও একটি সুযোগও পেতে চলেছেন পড়ুয়ারা। বোর্ডের এক আধিকারিক জানাচ্ছেন, ধরা যাক কোনও পড়ুয়া এ বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চাইছেন। চয়েজ় ফিলিংয়ের সময়ে সেই পড়ুয়া ওয়েবসাইটে যখন তথ্য দেবেন, তখন তিনি দেখতে পাবেন ওই বিশ্ববিদ্যালয়ে ওই সাবজেক্টে গত বছর প্রথমে এবং একেবারে শেষ যাঁরা ভর্তি হয়েছিলেন তাঁদের র‍্যাঙ্ক কত ছিল। সেই র‍্যাঙ্কের সঙ্গে তুলনা করে যে পড়ুয়া এই বছর ভর্তি হতে চাইছেন তাঁর র‍্যাঙ্ক অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ওই সাবজেক্টে ভর্তির সম্ভাবনা কেমন তা দেখানো হবে। তাতে পড়ুয়ারাও খানিকটা নিশ্চিত হয়ে ভর্তির জন্যে চয়েজ় ফিলিং করতে পারবেন। বোর্ডের দাবি, পড়ুয়ারা এতে ‘হ্যাসেল ফ্রি’ ভাবে ভর্তির জন্যে মাথা ঠান্ডা রেখে এগোতে পারবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *