World Cup Results, POR vs DRC: বাজে খেলার খেসারত, রোনাল্ডোর পর্তুগালকে রুখে ইতিহাস কঙ্গোর! | Cristiano Ronaldo Silenced as DR Congo Stun Portugal in Shocking World Cup Upset - 24 Ghanta Bangla News
Home

World Cup Results, POR vs DRC: বাজে খেলার খেসারত, রোনাল্ডোর পর্তুগালকে রুখে ইতিহাস কঙ্গোর! | Cristiano Ronaldo Silenced as DR Congo Stun Portugal in Shocking World Cup Upset

Spread the love

পর্তুগাল – ১ (জোয়াও নেভেস) : কঙ্গো – ১ (উইসা)

ডালাস : রূপকথা কাকে বলে? এমন কিছু যা অত্যাশ্চর্য, এমন কিছু যা বাস্তবে ঘটে না, তাকেই বলে রূপকথা। কিন্তু এই বাস্তবকে কি রূপকথা বলা যায়? বলতেই হয়। নাহলে ৫২ বছর পর বিশ্বকাপ (Fifa World Cup 2026) খেলতে আসা একটা দল এক দুরন্ত ফর্মে থাকা দলকে ঠেকিয়ে দেয়? অতীতে এই বিশ্বকাপেই আমরা দিন কয়েক আগে দেখেছি কেপ ভার্দেকে (Cabo Verde)। যে ৫ লক্ষ জনসংখ্যার দেশ আটকে দিয়েছে বিশ্ব ফুটবলের এক দৈত্যসম দল স্পেনকে (Spain)। কেপ ভার্দের বিরুদ্ধে মোট ২৭টি শট নিয়েছিল স্পেন, একটিও গোল হয়নি। তারপর এক সপ্তাহও পেরোয়নি, আবার অঘটন। ১৯৭৪ সালের পর বিশ্বকাপে অংশগ্রহণ করা ডিআর কঙ্গো (DR Congo) ঠেকিয়ে দিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগালকে (Portugal)। শুধু আটকাল বললে ভুল হবে, বিধ্বস্ত করে দিয়ে গেল।

৬ মিনিটেই জোয়াও নেভেসের (Joao Neves) গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। তারপর থেকেই হতাশাজনক ফুটবল। একের পর এক মিসপাস, কুৎসিত ফুটবল উপহার দেওয়া শুরু ব্রুনো ফার্নান্দেজদের। বারবার আক্রমণ করলেও কঙ্গোর ওয়ান বিসাকাদের কাছে বারবার আটকে যাচ্ছিল পর্তুগাল। বক্সে ঢুকেও ভুল করছিলেন পর্তুগালের খেলোয়াড়রা। তবু কঙ্গোও ছেড়ে কথা বলেনি। প্রথমার্ধ শেষের ঠিক আগে হেড থেকে গোল করে সমতা ফেরালেন কঙ্গোর ইওয়ানে উইসা (Yoane Wissa)। মাসুয়াকুর ভাসানো বল থেকে বিনা বাধায় হেড করে যান উইসা। ৫২ বছর আগে বিশ্বকাপ খেললেও কোনও গোল পায়নি কঙ্গো। আজ গোল করে কঙ্গোর ইতিহাসে প্রথম গোলদাতা হলেন উইসা।

তবে উইসার নিজের জীবন কোনও রূপকথার থেকে কম নয়। ২০২১ সালে ব্রেন্টফোর্ড ক্লাবে (Brentford Club) খেলাকালীন তাঁর বাড়িতে ঢুকে তাঁর উপর অ্যাসিড হামলা করেন এক মহিলা। ৬ মাসের জন্য দৃষ্টি চলে গিয়েছিল তাঁর। আদালতে উইসার দেওয়া বয়ানের মাধ্যমে ১৮ বছরের জন্য দোষী সাব্যস্ত হন আক্রান্তকারী মহিলা। তবে আজ সেই উইসা ইতিহাস গড়লেন দেশের ইতিহাসে প্রথম গোল স্কোরার হয়ে।

৫৪ মিনিটে জোয়াও ক্যান্সেলো (Joao Cancelo) গোল করলেও তা বাতিল হয় অফসাইডের জন্য। তবে আজ মাঠে খুঁজেই পাওয়া যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (CR7)। ৯০ মিনিট মাঠে থেকে বলে পা লাগিয়েছেন মাত্র ২৫ বার। গোল ০, অ্যাসিস্ট ০, গোলের সুযোগ পেয়েছেন মাত্র ২ বার। ৭৪ মিনিটে কন্সাসাওয়ের মাইনাস থেকে সহজ সুযোগ নষ্ট করলেন রোনাল্ডো। ৮৫ মিনিটের মাথায় আবার মিস করলেন তিনি। এছাড়া আজ তাঁকে নিয়ে বলার মতো কিছুই হয়নি।

আজ কঙ্গো দলে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত স্যামুয়েল মুথুস্বাম। তাঁর পারফরম্যান্সের প্রশংসা করতেই হয়। ফিফা ক্রমতালিকায় বর্তমানে ৪৫ নম্বরে রয়েছে কঙ্গো। তবে যেভাবে আজ তারকাখচিত পর্তুগালকে তারা আটকে দিল, তাতে কঙ্গোর ভবিষ্যৎ যে উজ্জ্বল, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *