Murder: রাগের মাথায় জামাইয়ের বুকে ছুরি বসিয়ে দিল শ্বশুর! – Bengali News | Father in law arrested for murder of son in law with knife
খুনের অভিযোগে ধৃত শ্বশুরImage Credit source: TV9 Bangla
জলপাইগুড়ি: ধারাল অস্ত্রে জামাইকে খুনের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রায়পুর চা বাগানে। বাড়ির মধ্যেই বচসা শুরু হলে, তা মাত্রা ছাড়িয়ে যায়। তারই মধ্যে সোজা জামাইয়ের বুকে ধারাল অস্ত্রের কোপ বসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃতের নাম বীরলাল নায়েক (৩৫)। জানা গিয়েছে রায়পুর চা বাগানেরই বাসিন্দা ছিলেন বীরলাল নায়েক। শ্বশুর বাড়িতেই থাকতেন তিনি। প্রতিবেশীরা বলছেন, সংসারের বিভিন্ন বিষয় নিয়ে প্রায় দিনই শ্বশুর মতিলাল নায়েকের সঙ্গে ঝগড়া লেগে থাকত জামাইয়ের। তবে সেই বচসা যে এতদূর গড়াবে, তা বুঝতে পারেননি কেউই।
বুধবার রাতেও ঝগড়া শুরু হয়। ওই সময় রাগের মাথায় শ্বশুর তার জামাইয়ের বুকে ছুরি ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। চিৎকার করতে থাকেন জামাই বীরলাল নায়েক। তা শুনে ছুটে যান আশপাশের বাসিন্দারা। আহত অবস্থায় তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার জেরে বৃহস্পতিবার অভিযুক্ত মতিলালকে গ্রেফতার করেছে পুলিশ।