Maharashtra Operation Tiger: আরেক রাজ্যে শুরু 'অপারেশন টাইগার'? সাংসদদের ফোন বাজতেই বৈঠক ডাকলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী | Is 'Operation Tiger' Underway in Maharashtra? Uddhav Thackeray Calls Urgent Meeting with MPs - 24 Ghanta Bangla News
Home

Maharashtra Operation Tiger: আরেক রাজ্যে শুরু ‘অপারেশন টাইগার’? সাংসদদের ফোন বাজতেই বৈঠক ডাকলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী | Is ‘Operation Tiger’ Underway in Maharashtra? Uddhav Thackeray Calls Urgent Meeting with MPs

Spread the love

মুম্বই: আবার বিশ্বাসঘাতকতা? আবার ভাঙন? রাজ্যে একদিকে যেখানে তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হচ্ছে, সেখানে মহারাষ্ট্রেও (Maharashtra) গুঞ্জন ভাঙনের। শিবসেনা (ইউবিটি)-র সাংসদরাও কি এবার অন্য দলে নাম লেখাচ্ছেন? এই জল্পনার মাঝেই আজ বৈঠক ডাকলেন দলের প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)।

জল্পনা শোনা যাচ্ছে, মহারাষ্ট্রে শুরু হয়েছে ‘অপারেশন টাইগার’ (Operation Tiger)। উদ্ধব শিবিরের কয়েকজন সাংসদ দল বদল করতে পারেন। শিবসেনা (ইউবিটি) ছেড়ে কয়েকজন সাংসদ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা-তে যোগ দিতে পারেন।

এই আবহেই আজ উদ্ধব ঠাকরে তাঁর বাসভবন মাতোশ্রীতে দলের নয়জন সাংসদকেই ডেকেছেন বৈঠকের জন্য। দলীয় সূত্রে খবর, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের বিষয়েই আলোচনা করতে নয়জন সাংসদকে ডেকেছেন উদ্ধব ঠাকরে। ক’দিন আগেই শোনা গিয়েছিল, একনাথ শিন্ডে উদ্ধব শিবিরের বেশ কয়েকজন সাংসদের সঙ্গে যোগাযোগ করেছেন।

যদিও শিবসেনা (ইউবিটি) নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত এই বৈঠক দলের অভ্যন্তরীণ সঙ্কট নিয়ে নয় বলেই উড়িয়ে দেন। তিনি বলেন যে এটি রুটিন বৈঠক। সকল সাংসদরাই এই বৈঠকে যোগ দেবেন। যারা নিজেরা উপস্থিত হতে পারবেন না, তারা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন। ‘অপারেশন টাইগার’ নিয়ে দুই বছর ধরে জল্পনা শোনা যাচ্ছে, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

প্রসঙ্গত, ২০২২ সালের জুন মাসে শিবসেনার অন্দরে বিদ্রোহ শুরু করেন একনাথ শিন্ডে। তিনি ৪০ জন বিধায়ককে নিয়ে প্রথমে গুজরাটে, তারপরে অসমে নিয়ে যান। এরপর মুম্বই ফিরে এসে সকলে মিলে বিজেপির সঙ্গে জোট সরকার গঠন করার দাবি করেন। ভেঙে যায় মহা বিকাশ আগাড়ি জোট। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন উদ্ধব ঠাকরে। বিজেপি-শিবসেনা সরকারে মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে। এরপরে ২০২৩ সালে জাতীয় নির্বাচন কমিশন একনাথ শিন্ডের শিবিরকে আসল শিবসেনা হিসাবে ঘোষণা করে। উদ্ধব শিবিরের নাম হয় শিবসেনা (উদ্ধব বাল ঠাকরে)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *