জাল পাসপোর্ট চক্রের পান্ডা মনোজ গুপ্তকে উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার করল পুলিশ - 24 Ghanta Bangla News
Home

জাল পাসপোর্ট চক্রের পান্ডা মনোজ গুপ্তকে উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার করল পুলিশ

Spread the love

রাজ্যে জাল পাসপোর্ট চক্রের অন্যতম পান্ডা মনোজ গুপ্তকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে তাঁকে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার চাঁদপাড়া থেকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। গোয়েন্দাদের অনুমান ট্রাভেল এজেন্সির আড়ালে জাল পাসপোর্ট তৈরির চক্র চালাচ্ছিল এই মনোজই।

জাল পাসপোর্টকাণ্ডের তদন্তে নেমে কলকাতা লাগোয়া দক্ষিণ ২৪ পরগনার বেহালা থেকে দীপঙ্কর দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল কলকাতা। তাঁকে জেরা করে গোয়েন্দারা জানতে পারেন, ধৃত ব্যক্তি মনোজ গুপ্ত নামে এক ব্যক্তির অধীনে কাজ করত। মনোজ গুপ্ত নামে ওই ব্যক্তির বেহালার সখেরবাজারে একটি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ব্যবসা রয়েছে। সেই দোকানের আড়ালে মোটা টাকার বিনিময়ে বাংলাদেশিদের জাল পাসপোর্ট তৈরি করে দেন তিনি। এর পরই মনোজ গুপ্তের খোঁজে নামেন তদন্তকারীরা। তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন তার জন্য পদক্ষেপ করেন তাঁরা। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে মনোজ গুপ্তকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তে উঠে এসেছে, বাংলাদেশিদের কাছ থেকে ৫ থেকে ১০ হাজার টাকা নিয়ে প্রথমে তাদের আধার, প্যান কার্ড বানাতেন অভিযুক্ত মনোজ। এর পর ভোটার লিস্টে নাম তোলা হত তাদের। এর পর ভুয়ো ঠিকানা ব্যবহার করে বাংলাদেশিদের পাসপোর্টের আবেদন করত অভিযুক্ত। সঙ্গে আপলোড করা হত ভুয়ো নথিগুলি। পাসপোর্ট ডাকের মাধ্যমে ছাড়া হলে পোস্ট অফিসের কর্মচারীদের সঙ্গে যোগসাজস করে তা হাতিয়ে নিত তারা। এর পর লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই পাসপোর্ট বিক্রি করা হত বাংলাদেশিদের। একটি পাসপোর্টের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত দাবি করত তারা।

 

 

 

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *