অনলাইন গেমসে অর্থ খুইয়ে চরম পদক্ষেপ স্নাতক স্তরের পড়ুয়ার - 24 Ghanta Bangla News
Home

অনলাইন গেমসে অর্থ খুইয়ে চরম পদক্ষেপ স্নাতক স্তরের পড়ুয়ার

Spread the love

অনলাইন গেমসে আসক্ত হয়েছিলেন স্নাতক স্তরের এক পড়ুয়া। হেরেছিলেন প্রচুর পরিমাণ অর্থ। তার জেরে মানসিক অবসাদে ভুগে, নিজের কাকার রিভলবার দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন তিনি। বুধবার এই ঘটনা ঘটেছে ফরিদাবাদে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আদিত্য ভাটি (২২)। ফরিদাবাদের YMCA বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের (B. Sc.) তৃতীয় বর্ষের পড়ুয়া তিনি। পুলিশ জানিয়েছে, বুধবার, ফরিদাবাদের ( Faridabad) ৭৭ নম্বর সেক্টরের জল বিহার ওয়েলফেয়ার সোসাইটিতে থাকতেন আদিত্য। বুধবার দুপুরে নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

ওই এলাকার পুলিশ আধিকারিক অরবিন্দ কুমার জানিয়েছেন, সেখান থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতেই আদিত্য তাঁর আত্মহত্যার প্রধান কারণ হিসেবে খারাপ সঙ্গ এবং অনলাইন গেমিংয়ে (Online gaming) বিপুল পরিমাণ অর্থ হারানোর ফলে সৃষ্ট মানসিক চাপকে উল্লেখ করেছেন।

পুলিশ জানিয়েছে, দুপুর ১টা নাগাদ শৌচালয়ে ঢুকে তা ভিতর থেকে বন্ধ করে দেন। তার পরেই কাকার লাইসেন্সড রিভলবার দিয়ে নিজের মাথায় গুলি করেন। আদিত্য যখন আত্মহত্যা করেন তখন বাড়িতেই ছিলেন তাঁর মা এবং ভাই। গুলির শব্দ শোনার পরে ওই শৌচালয়ের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় আদিত্যকে দেখতে পান তাঁরা। বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।

কী কারণে এই চরম পদক্ষেপ করেছেন তাও ওই সুইসাইড নোটে উল্লেখ করেছেন আদিত্য। তিনি তাতে জানিয়েছেন, খারাপ সঙ্গে পড়ে অনলাইন গেমিংয়ে আসক্ত হয়ে পড়েন তিনি। তাতে প্রচুর টাকা হেরেছিলেন তিনি। ওই টাকা উদ্ধার করার চেষ্টায় আরও খেলতে শুরু করেন তিনি। এই জন্য তাঁর প্রচুর পরিমাণ দেনাও হয়েছিল। এই মানসিক চাপ আর সহ্য করতে না পেরেই আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেও তাতে উল্লেখ করেছেন আদিত্য।

অরবিন্দ জানিয়েছেন, কাদের সঙ্গে আদিত্য মিশতেন এবং তিনি কী খেলতেন তাও দেখা হচ্ছে। সেই সঙ্গে কত টাকা হেরেছিলেন ওই পড়ুয়া তাও খতিয়ে দেখছে পুলিশ। জুয়া চক্রকে শনাক্ত করতে আদিত্য মোবাইল ও ব্যাঙ্কের লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *