রণবীর নন, অন্তঃসত্ত্বা অবস্থাতেই অন্য ব্যক্তির সঙ্গে বিশেষ ফটোশুট দীপিকার! ছবি ঘিরে গুঞ্জন – Bengali News | Deepika Padukone Shoots With Punit Malhotra Amid Second Pregnancy
দ্বিতীয়বার মা হওয়ার খবর দেওয়ার পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে মাতৃত্বের এই বিশেষ সময়ে বিশ্রাম নয়, বরং হাসিমুখে কাজের ময়দানেই দেখা গেল অভিনেত্রীকে। সম্প্রতি পরিচালক পুনিত মালহোত্রা সমাজমাধ্যমে দীপিকার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন, যা বর্তমানে নেটপাড়ায় দারুণ ভাইরাল।
পুনিত মালহোত্রার শেয়ার করা ছবিতে দীপিকাকে সাদা পোশাকে অত্যন্ত স্নিগ্ধ দেখাচ্ছে। অন্তঃসত্ত্বা হওয়ার খবরের পর এটিই দীপিকার প্রথম কোনও ছবি, যেখানে তাঁর চোখেমুখে মাতৃত্বের এক অদ্ভুত উজ্জ্বলতা বা ‘মম্মি গ্লো’ স্পষ্ট। যদিও ছবিতে কৌশলীভাবে নিজের ‘বেবি বাম্প’ আড়ালে রেখেছেন অভিনেত্রী। পুনিত এবং দীপিকা কোনও বিজ্ঞাপনের জন্য নাকি সিনেমার জন্য শুটিং করছিলেন, তা খোলসা না করলেও পরিচালকের ক্যাপশন নজর কেড়েছে সবার। পুনিত লিখেছেন, ‘‘এই শুটিং? ১০-এ ১০। কোনও কথা হবে না! ধন্যবাদ দীপিকা, তোমার এই আন্তরিকতা ও সৌজন্যের জন্য… আমি সত্যিই কৃতজ্ঞ। তোমার কাছে আমার ঋণ রয়ে গেল।’’
দীপিকা ও রণবীর তাঁদের দ্বিতীয় সন্তানের আগমণের খবরটি দিয়েছিলেন বড় মেয়ে দুয়া-র একটি মিষ্টি ছবির মাধ্যমে। ছবিতে দেখা গিয়েছিল, খুদে দুয়া-র হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট। এই অভিনব কায়দায় সুখবর দেওয়ার পরপরই কিয়ারা আদবানি, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে অর্জুন কাপুরের মতো তারকারা দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।
বর্তমানে রণবীর সিং তাঁর স্পাই-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েলের ব্লকবাস্টার সাফল্য নিয়ে মেতে রয়েছেন। বক্স অফিসে ছবিটি সব রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। অন্যদিকে, দ্বিতীয়বার মা হতে চলার আনন্দ এবং শারীরিক ধকল সামলে দীপিকা যেভাবে শুটিং ফ্লোরে সাবলীলভাবে কাজ করে যাচ্ছেন, তা দেখে মুগ্ধ তাঁর ভক্তরা। ‘রাকা’-র মতো বড় প্রজেক্টগুলোতেও দীপিকার অভিনয় দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।