BJP-র MLA এবার TMC প্রার্থী! পাল্টা গত নির্বাচনে তৃণমূলের নির্বাচনী কার্যালয় এবার পদ্মের হাতে - 24 Ghanta Bangla News
Home

BJP-র MLA এবার TMC প্রার্থী! পাল্টা গত নির্বাচনে তৃণমূলের নির্বাচনী কার্যালয় এবার পদ্মের হাতে

BJP-র MLA এবার TMC প্রার্থী! পাল্টা গত নির্বাচনে তৃণমূলের নির্বাচনী কার্যালয় এবার পদ্মের হাতে

বাঁকুড়া: ফুল বদলে বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার পদ্ম বিধায়ক হরকালী প্রতিহার এবার ঘাসফুলের প্রার্থী। তবে শুধু প্রার্থীর ফুল বদল হয়েছে তাই নয়, কোতুলপুর সাক্ষী থাকল নির্বাচনী কার্যালয়ের ফুল বদলেরও। গত নির্বাচনে যে বাড়ি ছিল তৃণমূলের নির্বাচনী কার্যালয় এবার নির্বাচনের আগে সেই কার্যালয়ের দেওয়ালে পড়ল গেরুয়া রঙের পোঁচ। টাঙানো হল বিজেপির নির্বাচনী কার্যালয়ের ব্যনার। 

বাঁকুড়ার কোতুলপুর বিধানসভা কেন্দ্রে ২০২১ সালের নির্বাচনে জিতেছিলেন বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি ফুল বদল করে যোগ দেন ঘাসফুল শিবিরে। এবার সেই কোতুলপুরেই তৃণমূলের প্রার্থী তিনি। তবে শুধু হরকালী প্রতিহারের ফুল বদল নয়, এবার নির্বাচনী কার্যালয়েরও ফুল বদলের সাক্ষী থাকল কোতুলপুরের মানুষ। গত বিধানসভা নির্বাচনে কোতুলপুরের যে বাড়িকে নির্বাচনী কার্যালয় করে তৃণমূল প্রার্থী সঙ্গীতা মালিক বিজেপির বিরুদ্ধে লড়েছিলেন এবার সেই বাড়িরই রঙ বদলে নির্বাচনী কার্যালয় করলেন কোতুলপুরের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার। নির্বাচনের মুখে গতকাল সেই নির্বাচনী কার্যালয়ের ঘটা করে উদ্বোধনও করেন বিজেপি নেতৃত্ব। তা নিয়ে জোরদার চর্চা চলছে জেলার রাজনৈতিক আঙিনাতেও। খোঁচা দিচ্ছেন তৃণমূল নেতারা। 

গত নির্বাচনে তৃণমূলের নির্বাচনী কার্যালয়কে এবারের নির্বাচনে বিজেপির কার্যালয় করার মধ্যে তেমন দোষ দেখছেন না বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি বাড়িটি স্থানীয় এক বাসিন্দার। গত নির্বাচনে তৃণমূল ভাড়া নিয়েছিল এবার বিজেপি। তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার অবশ্য বিষয়টি নিয়ে পদ্ম শিবিরকে খোঁচা দিতে ছাড়েননি। তাঁর দাবি, তৃণমূলের উচ্ছিষ্ট ব্যবহারই বিজেপিতে দস্তুর।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *