SIR: কত নাম থাকবে ২৮ তারিখের তালিকায়? অমীমাংসিত ভোটার কত? – Bengali News | West Bengal SIR list to be published on 28th February, know the details
কলকাতা: রাজ্যে যেন যুদ্ধকালীন তৎপরতায় এসআইআর-এর শেষ পর্যায়ের কাজ চলছে। ভিনরাজ্য থেকে বিচারক আনা হচ্ছে বলেও জানা গিয়েছে। এরই মধ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশ হতে চলেছে এসআইআর-এর চূড়ান্ত তালিকা। সেখানে ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম থাকবে বলে জানা গিয়েছে কমিশন সূত্রে।
জানা গিয়েছে, প্রায় সব ভোটারের নাম থাকবে ওই তালিকায়। এর মধ্যে তিনটি ভাগ থাকবে- অ্যাপ্রুভড বা অনুমোদনপ্রাপ্ত, নিষ্পত্তি হয়নি এমন ভোটার, ডিলিটেড বা যাদের নাম বাদ পড়ছে। ডিলিটেড তালিকায় সেই সব নাম থাকবে, যে সব ভোটারের মৃত্যু হয়েছে বা স্থানান্তরিত হয়েছেন। যাদের নিষ্পত্তি হয়নি, সেই তালিকায় থাকবে তাঁদের নাম, যাঁদের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি ধরা পড়েছে অথবা যাঁদের নাম ম্যাপিং করা যায়নি, তাঁদের নাম ওই নিষ্পত্তি না হওয়া তালিকায় থাকতে পারে। ফর্ম ৬ জমা দিয়ে যাঁরা নতুন করে নাম তুলেছেন, তাঁদের নামও থাকবে ২৮ তারিখের তালিকায়।
এদিকে, মীমাংসা হয়নি, এমন ভোটারের তালিকায় ৬০ লক্ষ নাম থাকবে। সবচেয়ে বেশি লজিক্যাল ডিস্ক্রিপেন্সি ও আনম্যাপড মিলে অমীমাংসিত ভোটারদের নাম।অমীমাংসিত ভোটারের সংখ্যা সবথেকে বেশি উত্তর ২৪ পরগনায়- ৫ লক্ষ ৯০ হাজার, দক্ষিণ ২৪ পরগনায় ৫ লক্ষ ২০ হাজার, সবথেকে কম নাম রয়েছে কালিম্পং-এ।
আরও জানা গিয়েছে যে ভোটের দফার আগে সাপ্লিমেন্টারি তালিকা বের করবে কমিশন। ফলে, বৈধ ভোটাররা সবাই ভোট দিতে পারবে বলেই আশ্বাস দিয়েছে কমিশন।