India-Venezuela: ভেনেজ়ুয়েলার জন্য ভারতের ‘অপারেশন আমিস্তাদ’, দুই বিমানে ত্রাণ পাঠাল বায়ুসেনার বিমান | Operation Amistad, India Sends Relief, Medical Team and BHISHM Cubes to Earthquake Hit Venezuela
ভেনেজ়ুয়েলায় ত্রাণ পাঠাল ভারতImage Credit: x
নয়া দিল্লি: ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ভারত। ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে ভারতে শুরু হল’অপারেশন আমিস্তাদ’ (Operation Amistad)। স্প্যানিশ ভাষায় Amistad শব্দের অর্থ ‘বন্ধুত্ব’। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর মধ্যে দিয়ে ভারত-ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছে নয়াদিল্লি।
প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, ভারতীয় বায়ুসেনার (IAF) দু’টি C-17 বিমান ভেনেজ়ুয়েলায় পাঠানো হয়েছে। ওই বিমানে জরুরি ত্রাণসামগ্রী, ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই বিমান দু’টি ভেনেজ়ুয়েলার উদ্দেশে রওনা দিয়েছে। উল্লেখ্য, বুধবার মাত্র এক মিনিটের ব্যবধানে দু’টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজ়ুয়েলা। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২৩৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১,৫০০ জনেরও বেশি। একাধিক বিল্ডিং ও পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কী বললেন এস জয়শঙ্কর?
‘অপারেশন আমিস্তাদ’ -এর বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লেখেন, “ভেনেজ়ুয়েলায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণকাজে সহায়তা করতেই বিশেষ অপারেশন শুরু করেছে ভারত। লেখেন, “ভারতীয় বায়ুসেনার দুটি C-17 বিমান জরুরি ত্রাণসামগ্রী নিয়ে রওনা দিয়েছে। রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ইউনিট, ৩৫ টনেরও বেশি ত্রাণসামগ্রী, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং দুটি BHISHM কিউব। এই কঠিন সময়ে ভেনেজুয়েলার সরকার ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
৪১ সদস্যের মেডিক্যাল টিম পাঠাল ভারত
ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, হিন্ডন এয়ার ফোর্স স্টেশন থেকে ৬০ প্যারা ফিল্ড হাসপাতালের একটি মেডিক্যাল দল ভেনেজুয়েলার উদ্দেশে রওনা দিয়েছে। এই দলে রয়েছেন ৪১ জন সদস্য। যার মধ্যে রয়েছেন ৯ জন চিকিৎসক। জরুরি চিকিৎসা, ট্রমা কেয়ার, অস্ত্রোপচার এবং অন্যান্য স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য দল প্রস্তুত রয়েছে।