Delhi Crime : ছেলে না হওয়ার অপরাধ! অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন শিশুকন্যাকে গলা কেটে 'খুন' - Bengali News | Man allegedly killed his pregnant wife and three daughters - 24 Ghanta Bangla News
Home

Delhi Crime : ছেলে না হওয়ার অপরাধ! অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন শিশুকন্যাকে গলা কেটে ‘খুন’ – Bengali News | Man allegedly killed his pregnant wife and three daughters

Spread the love

নয়া দিল্লি : অন্তঃসত্ত্বাকে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মেয়েদেরও রেয়াত করেননি অভিযুক্ত বাবা। অভিযোগ, স্ত্রীয়ের পাশাপাশি তিন মেয়েকেও নৃশংসভাবে খুন করা হয়েছে। দিল্লির প্রেমচাঁদ পার্ক এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। রক্তাক্ত অবস্থায় স্ত্রী অনিতা ও তিন মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। তিন সন্তানের বয়স যথাক্রমে তিন বছর, চার বছর ও পাঁচ বছর। পুলিশের সন্দেহ, পুত্র সন্তানের আকাঙ্ক্ষা থেকেই এই খুন করা হয়েছে। ঘটনার পর থেকেই নিখোঁজ অভিযুক্ত মুনচুন কেওয়াত। পেশায় মুনচুন সবজি বিক্রেতা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিহতের ৪ জনের গলা ধারালো অস্ত্র দিয়ে ফালাফালা করে দেওয়া হয়েছিল। সংবাদসংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আঘাত এতটাই গভীর ছিল যে শ্বাসনালী পর্যন্ত কেটে ফেলা হয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই খুন বলে প্রথমে সন্দেহ করেছিল পুলিশ। পরে প্রাথমিক তদন্তে উঠে আসে নৃশংস হত্যাকাণ্ডের কারণ হতে পারে দম্পতির তিন কন্যা সন্তান। ছেলে না হওয়ার কারণে দুজনের মধ্যে নাকি অশান্তি হত। সেকারণেই নৃশংসভাবে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান।

প্রথমে ঘটনা নজরে আসে প্রতিবেশীদের। রক্তাক্ত অবস্থায় চারজনের দেহ পড়ে থাকতে দেখেন আত্মীয় ও প্রতিবেশীরা। তারপরই তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করেন। রুবি নামে এক আত্মীয় পিটিআইকে বলেন,”গত রাতে কিছুই জানতে পারিনি। পরে যখন আশেপাশের সবাইকে জিজ্ঞেস করলাম, তখন জানতে পারলাম এই ঘটনাটি ঘটেছে। তবে, সেভাবে দুজনের মধ্যে কখনও ঝামেলা হতে দেখেনি।”

পুলিশ সূত্রে খবর, রাতের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা বেঁধেছিল। তারপরই ধারালো অস্ত্র নিয়ে খুন করেন বলে অভিযোগ। স্ত্রী ও মেয়েদের উপর আক্রমণ করার আগে অভিযুক্ত নেশা করেছিলেন বলে অভিযোগ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *