Bomb Recover: সাঁইথিয়া রেলস্টেশনের পাশ থেকে উদ্ধার তাজা-তাজা বোমা, সাময়িক বন্ধ ছিল রেল চলাচল – Bengali News | Many bombs recover from Birbhum Sainthin
বীরভূম থেকে বোমা উদ্ধারImage Credit: Tv9 Bangla
বীরভূম: কাটোয়ায় আজিমগঞ্জ ট্রেনে আগুন ধরে গিয়েছিল কয়েকদিন আগেই। সেই নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। ইচ্ছাকৃত আগুন ধরানো হয়েছে নাকি স্রেফ শর্ট সার্কিট থেকে আগুন এই নিয়ে প্রশ্নের অন্ত ছিল না। এই সব জল্পনার মধ্যেই এবার রেলস্টেশনের ধার থেকে উদ্ধার হয়েছে বোমা। এবারের ঘটনাস্থল বীরভূমের সাঁইথিয়া।
জানা যাচ্ছে, রেলস্টেশন সংলগ্ন রেল-লাইনের পাশ থেকে বোমা উদ্ধার করেছে রেল পুলিশ। রেল সূত্রে খবর, রেল লাইনের ধার ঘেষে ধান জমিতে রাখা ছিল বোমাগুলি। প্রায় সাত থেকে আটটি বোমা উদ্ধার হয় সেখান থেকে। খবর পেয়ে সেখানে পৌঁছয় জিআরপি ও সাঁইথিয়া থানার পুলিশ। রাতেই বোমাগুলি নিষ্ক্রীয় করা হয়। আলোর ব্যবস্থা করে বোমাগুলি উদ্ধার করা হয়।
যখন বোমাগুলি উদ্ধার করা হয়েছে, সেই সময় সাময়িকভাবে আপ লাইনের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। গতকালই পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছিল, কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সাময়িক ভাবে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।
এখানে উল্লেখ্য, গতকাল আবার হাবড়া লোকালে আগুন ধরে যায়। পিছনের মহিলা কামরার নিচের ব্যাটারি বক্সে আগুন লেগে যায়। সেই আগুনে কালো ধোঁয়া স্টেশনের চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে সাধারণ মানুষজন এসেই হাত লাগায় আগুন নেভানোর কাজে।