Mamata Banerjee: 'বাংলার জন্য ওরা বড্ড হ্যাংলা', ভাষা দিবসের অনুষ্ঠানে খোঁচা মমতার - Bengali News | West Bengal CM Mamata Banerjee slams BJP over assembly election - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: ‘বাংলার জন্য ওরা বড্ড হ্যাংলা’, ভাষা দিবসের অনুষ্ঠানে খোঁচা মমতার – Bengali News | West Bengal CM Mamata Banerjee slams BJP over assembly election

কলকাতা: দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। বাড়ছে রাজনৈতিক তরজা। এই আবহে শনিবার আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “ওরা বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা।” বাংলায় কথা বললে ভিনরাজ্যে কেন হেনস্থার শিকার হতে হচ্ছে, তা নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী।

এদিন দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক ভাষা দিবসের সরকারি অনুষ্ঠানে একাধিক ক্ষেত্রে বিশিষ্টজনদের বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, “আমরা সব ভাষাকে সম্মান জানাই। কারণ আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের দেশের লোক। স্বামী বিবেকানন্দ এই ভাষাতেই কথা বলতেন। সব ভাষাকে সম্মান জানিয়ে বলি, কোনও ভাষার উপর আক্রমণ হলে আমরা প্রতিবাদ করব। তবে স্পষ্ট বলতে চাই, বাংলায় কথা বললে কোথাও কোথাও তাঁদের উপর অত্যাচার করা হচ্ছে। আমাদের এখানেও অনেক গুজরাটি, মারোয়াডি আছেন। আমাদের ভাষাকে কেন অসম্মান করা হবে? আমরা রাজবংশী থেকে শুরু করে সব ভাষাকে স্বাগত জানাই। কিছু বাংলা বিদ্বেষী লোকজন বাংলা ভাষার উপর আঘাত আনছেন।”

বাংলা ভাষা ধ্রুপদী ভাষার তকমা পাওয়া নিয়ে এদিন মমতা বলেন, “আমি ব্রাত্যকে (শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু)  ধন্যবাদ জানাই। ওরা একাধিক গবেষণা করে প্রচুর তথ্য পাঠিয়েছিল ধ্রুপদী ভাষার তকমার জন্য। বাংলাকে কেন এত অপমান করেন? আজ বাংলার উপর হামলা চলছে। আপনারা কি চান বাংলাকে তুলে দেবেন? বাঙালির অধিকার কেড়ে নেবেন? বাংলা না থাকলে নবজাগরণ, সতীদাহ প্রথা, বাল্য বিবাহ বন্ধ হত না। গিয়ে দেখে আসুন, স্বাধীনতা আন্দোলনে যাঁদের ফাঁসি হয়েছিল, তাঁদের ৯০ শতাংশ বাঙালি আর ১০ শতাংশ পাঞ্জাবি।”

এরপরই নাম না করে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “আগে বাংলাকে ভালবাসুন। তারপর বাংলাকে অসম্মান করবেন। বাংলা সব সহ্য করতে পারে। দেশের জন্য সব উজাড় করে দিতে পারে। কিন্তু, কারও কাছে মাথা নত করে না। আমরা একমাত্রা মানুষের কাছে, মাটির কাছে মাথা নত করি। দিল্লির লাড্ডুর কাছে মাথা নত করি না। দিল্লি থেকে এসে বাংলা দখল করা যায় না। আগে বাংলাটাকে চিনতে হয়। শাড়ি পরাও বন্ধ করে দেবেন? মাছ, মাংস বন্ধ করে দেবেন? ২১ ফেব্রুয়ারি তাই বলে যাচ্ছি অত্যাচার, ব‍্যাভিচারের বিরুদ্ধে জোটবদ্ধ হন। বাংলাকে জোর করে দখল করা যাবে না।” তিনি আরও বলেন, “বাংলার জন্য ওরা বড্ড বেশি হ্যাংলা। আপনারা কি গায়ের জোরে বাংলাটি কি কেড়ে নেবেন? গায়ের জোরে সবকিছু হলেও, মানুষের মন জয় করা যায় না।”

এদিকে এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে কবি জয় গোস্বামী বলেন, “তিনবার আমাকে হাসপাতালে ভর্তির সব ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। গত দু’বছর আগে থেকে আমি লেখা ছেড়ে দিয়েছি। আমার সংসার চালানোর ব্যবস্থাটুকুও করেছেন। উনি আমার থেকে বয়সে ছোট। তাও প্রণাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *