Fire: বেহালার জেমস লং সরণিতে আবাসনের ৪ তলায় আগুন, দাউ দাউ করে জ্বলছে বিল্ডিং – Bengali News | Fire broke out at Behala james long sarani’s appartment
বেহালার আবাসনে আগুনImage Credit source: TV9 Bangla
কলকাতা: শহরে ফের অগ্নিকাণ্ড। বড়বাজার, লেকটাউন সল্টলেক সেক্টর ফাইভের পর এবার বেহালার জেমস লং সরণীতে একটি আবাসনে আগুন। আবাসনের চার তলায় আগুন লেগে যায়। আতঙ্কে ফ্ল্যাট থেকে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। ফ্ল্যাটের দুদিক থেকে গলগল করে বের হতে থাকে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। ওই আবাসনের প্রত্যেক আবাসিককে বাইরে বার করে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। অবরুদ্ধ হয়ে পড়েছে জেমস লং সরণী। দমকল কর্মীরা ইতিমধ্যেই আবাসনের ভিতরে প্রবেশ করেছেন। আগুন আসবাবপত্রে ছড়িয়ে পড়েছে, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে।
কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয় দমকলকর্মীদের কাছে। আপাতত আগুন নেভানোর চেষ্টা চলছে। এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের তো মনে হচ্ছে এসি থেকেই আগুন লেগেছে। সবাই বেরিয়ে নীচে নেমে এসেছে। আমি খাচ্ছিলাম, তখন খবর পাই আগুন লেগেছে।” আবাসিকরাও বলছেন, কী থেকে আগুন লেগেছে, তা বোঝা যাচ্ছে না, তবে যতদূর মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। পাশের বাড়ি থেকেই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। আতঙ্কিত হয়ে পড়েছেন আবাসিকরা।
