Jalpaiguri: ‘গুটখার খরচ এবার দিদি দেবেন’, যুব সাথী নিয়ে বলেই দিলেন তৃণমূল নেতা – Bengali News | ‘Now didi will give money for gutkha’, controversy over TMC leader’s comment over Yuva Sathi scheme
ভাইরাল ভিডিয়ো নিয়ে কী বললেন তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন?Image Credit: TV9 Bangla
জলপাইগুড়ি: এপ্রিল থেকেই মাসে দেড় হাজার টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা। যুব সাথী প্রকল্প নিয়ে মঙ্গলবারই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল যুবসমাজের ভোট পেতে এই প্রকল্পকে হাতিয়ার করতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে। এরই মধ্যে জলপাইগুড়ির ময়নাগুড়ির এক তৃণমূল নেতার মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। যুব সাথী প্রকল্প নিয়ে ময়নাগুড়ির তৃণমূল টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেন বলছেন, “মাসে এক হাজার টাকার গুটখার খরচ দেবেন দিদি।” তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর সেই ভিডিয়ো নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
ভাইরাল ভিডিয়ো দেখা যাচ্ছে, ময়নাগুড়িতে তৃণমূলের দলীয় বৈঠকে বক্তব্য রাখছেন টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেন। সেখানে তিনি বলেন, “দিদি আমাদের কল্পতরুভাবে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দিলেন। মহিলাদের ভোটটা একটা দৃঢ় জায়গায় চলে গেল। পাশাপাশি আমাদের ভোটটা একটু নেগেটিভ দিকে ছিল। সেটাও কিন্তু আমাদের যুব সাথীর মাধ্যমে একটা বড় বার্তা দিদি দিয়ে দিলেন। সেটা আমাদের প্রচারে তুলে ধরতে হবে। আজকালকার যুবকদের একটা বড় অংশ পান গুটখা খায়। তাদের ওই জায়গায় সাহায্য হবে। বলতে হবে, তোর তো মাসে এক হাজার টাকা গুটখার খরচ হয়। ওই টাকাটা তো দিদি দেবেন।” তৃণমূলের ভোটে জেতা এখন শুধু সময়ের অপেক্ষা বলে তিনি মনে করেন।
ভাইরাল ভিডিয়ো নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “আসল কথা বেরিয়ে এসেছে। ২৮ টাকার চোলাই মদটা বলেননি। ওটা আমি বলে দিচ্ছি। পান গুটখা আর ২৮ টাকার চোলাই মদ খেয়েই বাংলার যুবসমাজ যুব সাথী হয়ে থাকবে। এই যুবদের সাথী হচ্ছে এগুলোই। তৃণমূলের পার্টি ক্লাসে যেগুলো শেখানো হয়, সেটাই বলে ফেলেছেন। আসল কথা, এই ঘোষণার মাধ্যমে সরকার বুঝিয়ে দিয়েছে, আগামী ৫ বছর সরকার কোনও পাকা চাকরি দেবে না।”
ভাইরাল ভিডিয়ো নিয়ে শোরগোল পড়তেই শাসকদল দাবি করে, ভিডিয়োটি AI-দিয়ে তৈরি করেছে বিজেপি। জলপাইগুড়ির যুব তৃণমূলের জেলা সভাপতি রামমোহন রায় বলেন, “বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে বিজেপি ভয় পাচ্ছে। এটা AI দিয়ে বানানো ভিডিয়ো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে খাটো করতেই এই ভিডিয়ো বানানো হয়েছে।”
প্রসঙ্গত, কয়েকদিন আগে অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, অগস্ট থেকে যুব সাথী প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত মাধ্য়মিক পাশ যুবক-যুবতীদের মাসে দেড় হাজার টাকা দেওয়া হবে। ৫ বছর পর আবার পর্যালোচনা হবে। তবে গতকাল মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আগামী ১ এপ্রিল থেকে এই প্রকল্পে টাকা দেওয়া হবে। আবেদন গ্রহণের জন্য ফেব্রুয়ারিতে ২৯৪টি বিধানসভা কেন্দ্রে একটি করে ক্যাম্প হবে।