বিশ্বকাপ শুরু হতেই খারাপ খবর, শ্রীলঙ্কা টিম থেকে ছিটকে গেলেন দুরন্ত বোলার! – Bengali News | Bad news for sri lanka ace bowler sidelined from the world cup squad due to injury
কলকাতা: বিশ্বকাপে সবে একটাই ম্যাচ হয়েছে। আয়োজক দেশ বলে তো বটেই, দুরন্ত বোলিং ইউনিটের জন্য় কাপ জয়ের অন্যতম দাবিদার ধরা হচ্ছে তাঁদের। শুরুটাও চমৎকার হয়েছে। দ্বিতীয় ম্যাচে নামার আগেই প্রবল চাপে পড়ে গেল শ্রীলঙ্কা। দলের স্টার বোলার, ম্যাচ উইনারই ছিটকে গেলেন চোট নিয়ে। যে খবর ভেসে আসছে, তাতে বিশ্বকাপে আর খেলতে দেখা যাবে না ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। তা যদি হয়, শ্রীলঙ্কার জন্য বেশ চাপের খবর। শুধু বল হাতেই নয়, প্রয়োজনে ব্যাট হাতেও দলকে টানতে পারেন। তাঁর জন্য যে কোনও প্রতিপক্ষ অঙ্ক কষেই মাঠে নামে। শ্রীলঙ্কা অবশ্য এখনও হাসারাঙ্গার পরিবর্ত ঘোষণা করেনি।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্য়াচে ভালোই পারফর্ম করেছিলেন। ৩টে উইকেট নিয়েছিলেন। কিন্তু বল করার সময়ই হাসারাঙ্গাকে চাপে মনে হয়েছিল। বল করার সময় বারবার হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছিলেন। অতীতেও হ্যামস্ট্রিংয়ের চোট সমস্যায় ফেলেছে শ্রীলঙ্কান ক্রিকেটারকে। ২০২৩ সালের পর থেকে দু’বার হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচারও হয়েছে। গত জানুয়ারিতেও হ্যামস্ট্রিং নিয়ে সমস্যায় পড়েছিলেন। সিঙ্গাপুরে তাঁর চিকিৎসাও হয়েছে।সেই সঙ্গে গোড়ালির চোট দেখা দিয়েছে নতুন করে। হাসারাঙ্গা পুরনো কোনও জায়গাতেই চোট পেয়েছেন কিনা, তা নিয়ে উদ্বেগ রয়েছে শিবিরে। যা খবর, দল থেকে আপাতত তাঁকে রিলিজ করা হয়েছে।
প্রশ্ন হল, হাসারাঙ্গা খেলতে না পারলে কাকে দলে নেওয়া হতে পারে তাঁর জায়গায়। শ্রীলঙ্কা অলরাউন্ডার দুসান হেমন্থাকে ডাকতে পারে। টুর্নামেন্ট চলাকালীন কোনও প্লেয়ার চোট পেয়ে ছিটকে গেলে তাঁর পরিবর্ত নেওয়া যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ এর আগে একবারই জিতেছে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ইতিহাসে আয়োজক দেশ কখনও বিশ্বকাপ জিততে পারেনি। ভারতের সঙ্গে যুগ্ম আয়োজক হিসেবে শ্রীলঙ্কাকে ডার্কহর্স বলে ধরা হচ্ছে। কিন্তু হাসারাঙ্গার মতো ম্যাচ উইনার ছিটকে যাওয়ায় দল বেশ চাপে।