‘নাটক করার অনেক জায়গা আছে, সংসদে নয়’, অধিবেশন শুরুর আগেই বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী – Bengali News | PM Narendra Modi says Not Drama, Delivery is Needed Attacking Opposition Parties ahead of Parliament Winter Session
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: TV9 বাংলা
নয়া দিল্লি: সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে। ১ ডিসেম্বর থেকে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে ১৪টি বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার। অন্যদিকে বিরোধীরা এসআইআর, বিএলও মৃত্যু সহ একাধিক বিষয় নিয়ে সুর চড়াবে। প্রথা মেনেই সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে সংসদ চত্বরে দাঁড়িয়ে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইবারের অধিবেশনে কী লক্ষ্য তাদের, তা নিয়ে কথা বললেন। এ দিন প্রধানমন্ত্রী মোদী বলেন-
- এই অধিবেশন আরও একটা কারণে গুরুত্বপূর্ণ। আমাদের নতুন সভাপতি দায়িত্ব গ্রহণ করছেন।
- যারা নতুন সাংসদ বা অল্পবয়সী সাংসদ, তারা খুব দুঃখী। তাদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না, নিজেদের কেন্দ্রের সমস্যা তুলে ধরতে দেওয়া হচ্ছে না। যে দলেরই হোক না কেন, নতুন প্রজন্মের সাংসদদের সুযোগ দেওয়া উচিত। আমি অনুরোধ করছি, এই বিষয়গুলি গুরুত্ব দিয়ে দেখা হোক। ড্রামা করার জন্য অনেক জায়গা আছে, এখানে ডেলিভারি করতে হবে। স্লোগান দেওয়ার জন্য গোটা দেশ ফাঁকা পড়ে আছে, যেখানে হেরে গিয়েছেন, সেখানে বলেছেন। যেখানে হারবেন, সেখানে গিয়েও বলুন। হতে পারে, রাজনীতিতে নেগেটিভিটি কাজ করে। দেশের উন্নয়নে নজর দিন, এটা আমার অনুরোধ।
- এই অধিবেশন সংসদ দেশের জন্য কী ভাবছে, কী করতে চাইছে এবং কী করবে-তাকে কেন্দ্র করে হওয়া উচিত। বিরোধীদেরও নিজের দায়িত্ব পালন করা উচিত। পরাজয়ের নিরাশা থেকে বেরিয়ে এসে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরুক। দুর্ভাগ্যের বিষয় হল, দুই-একটি দল পরাজয়ও মানতে পারে না। গতকাল আমি যা ভাষণ শুনলাম, তাতে পরাজয় এদের মধ্যে আরও নিরাশা তৈরি হয়েছে। সকল দলের কাছে অনুরোধ, শীতকালীন অধিবেশনে হারের দুঃখ বা বিজয়ের অহংকারে যেন পরিণত না হয়। সংযতভাবে, দায়িত্ব সহকারে জনগণের উন্নয়নে জনপ্রতিনিধি হিসাবে আগামীর জন্য ভাবা উচিত। কীভাবে আরও ভাল করা যায়, কোনও ভুল থাকলে তা তুলে ধরা উচিত। জানি এটা পরিশ্রমের কাজ, কিন্তু দেশের জন্য করা উচিত।
- একদিকে গণতন্ত্র ব্যবস্থা মজবুত করা এবং গণতন্ত্রের ভিতরে অর্থতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা গোটা বিশ্ব দেখছে। ভারত প্রমাণ করে দিয়েছে, গণতন্ত্রও সেবা করতে পারে। যে গতিতে আজ ভারতের অর্থনৈতিক অবস্থার উন্নতি হচ্ছে, বিকশিত ভারতের পথে এগিয়ে যাচ্ছে, তা আমাদের শক্তি দেয়।
- শীতকালীন অধিবেশন শুধু প্রথা নয়, দেশকে প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে অভিযান চলছে, তাতে গতি আনবে এই অধিবেশন। ভারতে গণতন্ত্রের প্রতি বিশ্বাস আরও মজবুত হচ্ছে। বিহারে যে নির্বাচন হয়েছে, তাতেও যেভাবে ভোটের হার বেড়েছে, তা গণতন্ত্রের প্রতি বিশ্বাস, আস্থাকেই তুলে ধরে। মা-বোনেদের ভোট দেওয়ার হার বেড়েছে। এটা নতুন আশা, বিশ্বাস তৈরি করে।