Kolkata: পার্ক স্ট্রিটের পর কসবা, হোটেল থেকে উদ্ধার যুবকের দেহ – Bengali News | Dead body of a man recovered from hotel in Kolkata
ঘটনাস্থলে পুলিশ, ডগ স্কোয়াডImage Credit: TV9 Bangla
কলকাতা: কিছুদিন আগেই পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছিল। এবার কসবায় একটি হোটেল থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছায় লালবাজারের হোমিসাইড শাখা, কসবা থানার পুলিশ। ডগ স্কোয়াডও পৌঁছে যায়। ওই যুবককে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক কারণ। মৃত যুবকের বয়স আনুমানিক বছর তেত্রিশ হবে।
ওই হোটেল সূত্রে জানা গিয়েছে, অনলাইনে হোটেলের একটি রুম বুক করা হয়েছিল। গতকাল তিনজন হোটেলে আসেন। একজন মহিলা এবং ২ জন পুরুষ। এদিন ভোরে মহিলা ও একজন ব্যক্তি হোটেল থেকে বেরিয়ে যান। পরে হোটেলের কর্মী ওই রুমে ঢুকে দেখেন, মেঝেতে ওই যুবক মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়েই হোটেলে পৌঁছায় কসবা থানার পুলিশ। আসে লালবাজারের হোমিসাইড শাখা ও সায়েন্টিফিক উইংস। ডগ স্কোয়াডও আসে। সবকিছু খতিয়ে দেখেন তদন্তকারীরা। হোটেলের কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অনলাইন কোন নথি দিয়ে রুম বুক করেছিলেন, তাও দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবককে খুন করে পালিয়েছেন মহিলা ও অন্য ব্যক্তি। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
অক্টোবর মাসের শেষ দিকে পার্ক স্ট্রিটের একটি হোটেলের রুমে বক্স খাটের মধ্যে থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছিল। ওই ঘটনাতে তিন যুবক হোটেলের রুম ভাড়া নিয়েছিলেন। পরে ২ জন বেরিয়ে যান। নতুন অতিথি রুমে দুর্গন্ধ পাওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে এসেছিল। ওই খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মাসখানেক কাটতে না কাটতেই এবার কলকাতার আরও একটি হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার হল।