সুন্দরবনে বাড়ছে সবুজ, ২৬৫ হেক্টর জমিতে লাগানো হবে লক্ষ-লক্ষ ম্যানগ্রোভ চারা
এবার আরও সবুজ হতে চলেছে সুন্দরবন। ম্যানগ্রোভ বনাঞ্চল ঘিরে বড়সড় পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। কেন্দ্রীয় সরকারের ‘মিষ্টি’ (ম্যানগ্রোভ ইনিশিয়েটিভ ফর শোরলাইন হ্যাবিটেটস এন্ড ট্যানজিবল আর ইনকামস) প্রকল্পের আওতায় ২৬৫ হেক্টর জমিতে রোপণ করা হবে প্রায় ১৫ লক্ষ ম্যানগ্রোভের চারা। সূত্রের খবর, ইতিমধ্যেই বন দফতরের আধিকারিকেরা গাছ লাগানোর জায়গাগুলি চিহ্নিত করে ফেলেছেন।
আরও পড়ুন: লোকালয়ে বাঘের আনাগোনা, রুখতে নতুন জাল দিয়ে ঘেরা হবে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প
ঠাকুরান নদী সংলগ্ন নতুন চর থেকে কাঁকরামারির চর বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। রামগঙ্গা রেঞ্জে ৫০ হেক্টর, নামখানা রেঞ্জে ৮০ হেক্টর এবং রায়দিঘি রেঞ্জে ১৩৫ হেক্টর জমিতে চারা লাগানো হবে। গড় হিসেব অনুযায়ী, প্রতি হেক্টরে ১০ হাজার করে চারা রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
প্রতিবছর ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। সেই ক্ষতি পুষিয়ে দিতেই এবার নতুন করে গাছ লাগানোর উপর জোর দেওয়া হয়েছে। এখন রোপণ করলে এই গাছগুলি আগামী চার-পাঁচ বছরের মধ্যে পূর্ণতা পাবে। তবে ১০০ দিনের কাজের প্রকল্প বন্ধ থাকায় একসময়ের অভিজ্ঞ শ্রমিকরা এখন অন্য পেশায় চলে গিয়েছেন। ফলে গাছ রোপণের কাজে শ্রমিক জোগাড়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। তা সত্ত্বেও লক্ষ্য পূরণে গ্রামবাসীদের একাংশকে এই প্রকল্পে যুক্ত করার পরিকল্পনা করছে বন দফতর।
চারা সংগ্রহ করা হবে সুন্দরবনের বিভিন্ন ব্লকের সরকারি নার্সারি থেকে। গোটা কর্মসূচির জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে চারা কেনা, রোপণ এবং শ্রমিকদের মজুরি সব কিছুই আছে।
এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, ভবিষ্যতের দুর্যোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন পরিবেশবিদরা। পাশাপাশি কিছু এলাকায় জেলা প্রশাসন নিজস্ব উদ্যোগেও ম্যানগ্রোভ রোপণের পরিকল্পনা নিচ্ছে। এরফলে সবুজ আরও বাড়বে।