Mig 21 Farewell: দিন ফুরোয়নি মিগের! অবসরের পর যুদ্ধবাজ থেকে হয়ে উঠবে ‘শিক্ষক’ – Bengali News | Rajnath Singh Highlights India Russia Defence Ties at MiG 21 Farewell Ceremony
নয়াদিল্লি: ৬২ বছর পর মিগের বিদায়। সোভিয়েত জমানার ‘আধুনিক’ যুদ্ধবিমানকে ‘আলবিদা’ বলল ভারত। চণ্ডীগড়ের বায়ুসেনাঘাঁটি থেকে শেষবারের মতো উড়ল মিগ ২১ যুদ্ধবিমান। দেশের প্রথম সুপারসনিক যুদ্ধবিমান এটিই। যা বায়ুসেনাকে পরিষেবা দিয়ে চলেছে সেই ষাটের দশক থেকে। শুক্রবার চণ্ডীগড়ে আয়োজিত এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ তিন সেনার প্রধানরাও। সেখান থেকেই সসম্মানে বিদায় জানান হয়েছে মিগকে। গান স্যালুট থেকে ওয়াটার গান স্যালুট মিগ পেয়েছে প্রচুর সম্মান। আর পাবে নাই বা কেন?
সেই ১৯৬৩ সালে বায়ুসেনার হাতে এসেছিল মিগ-২১ যুদ্ধবিমান। ওই বছরেই পরীক্ষামূলক ভাবে শুরু হয়ে গিয়েছিল ব্য়বহার। এরপর ১৯৬৫ এবং ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধ, ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ, হালে হওয়া বালাকোট অভিযান, প্রতিটি ক্ষেত্রেই বায়ুসেনার সঙ্গী হয়েছে মিগ। এমনকি, অপারেশন সিঁদুর অভিযানেও ব্যবহার করা হয়েছিল মিগ-২১ যুদ্ধবিমান। তারপর অবসর ঘোষণা।
এদিন বিদায় অনুষ্ঠান থেকে রাজনাথ সিংয়ের মুখে শোনা গেল সেই কথা। তিনি বললেন, ‘দীর্ঘদিন ধরে নানা অভিযান, যুদ্ধ ময়দানে বায়ুসেনার সঙ্গী থেকেছে মিগ-২১। ১৯৭১-র যুদ্ধ থেকে কার্গিল যুদ্ধ, এমনকি বালাকোট ও অপারেশন সিঁদুরের সময়ও মিগ বায়ুসেনার হাত শক্ত করেছে।’ অবশ্য মিগের বিদায়ের মাধ্যমে যে তার কাজ একেবারে ফুরিয়ে গেল এমনটা নয়। সূত্রের খবর, মিগকে অন্য কাজে ব্যবহার করবে নয়াদিল্লি। ‘অবসরপ্রাপ্ত’ মিগ যুদ্ধবিমানগুলিকে ভারত তুলে দিতে চলেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির হাতে। কীভাবে একটি যুদ্ধবিমান তৈরি হয়, তার জন্য মডেল হতে চলেছে মিগ-২১ যুদ্ধবিমান। হাতে-কলমে শেখাবে পড়ুয়াদের।
কিন্তু মিগ অবসরগ্রহণের পর তার পরিবর্তে কোন যুদ্ধবিমানকে সামনে নিয়ে আসবে নয়াদিল্লি? প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, মিগের জায়গায় বায়ুসেনা বিমান-গ্যারেজে এবার স্থান পেতে চলেছে তেজাস এম কে ১। রাফায়েলের পর ভারতের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান হল তেজাস।