Murder: মাঝরাতে আচমকা হানা দিয়েছিল দুষ্কৃতীর দল, বাধা দিতেই প্রাণটাই চলে গেল মহিলার – Bengali News | Miscreants murder woman in Nadia, local residents protest
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla
কলকাতা: চুরি করতে ঢুকেছিল দুষ্কৃতীরা। মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ৫৫ বছরের মহিলা। বাধা পেয়ে তাঁর উপরেই ধারল অস্ত্রের কোপ। এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তিনি। ঘটনা নদিয়ার তাহেরপুর থানার কামগাছি এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকায়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধও করতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে রানাঘাট মহকুমার পুলিশ আধিকারিক-সহ পুলিশের বিশাল বাহিনী।
স্থানীয় সূত্রে খবর, মাঝরাতে শঙ্করী শর্মার বাড়িতে ঢুকেছিল দুষ্কতীরা। বেশ কিছু নগদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু প্রাথমিক ভয় কাটিয়ে দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করেন শঙ্করী দেবী। তখনই তাঁর মাথায় মারা হয়। তারপর তাঁকে ফেলে কোপানো হয় বলে অভিযোগ। রক্তে ভেসে যায় গোটা ঘর। মহিলা অচৈতন্য হয়ে পড়লে সবকিছু নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
এদিকে মহিলার চিৎকার-চেঁচামেঁচি শুনে ততক্ষণে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসতে শুরু করেন। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় মহিলার। দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি তুলেছে পরিবারের সদস্যরা। একই দাবি তুলছেন এলাকার বাসিন্দারাও। তাঁরা প্রশ্ন তুলছেন গোটা এলাকার নিরাপত্তা নিয়ে। দুষ্কৃতীদের দৌরাত্ম্য ঠেকাতে পুলিশের আরও তৎপর হওয়ার প্রয়োজন রয়েছে বলে দাবি তাঁদের। প্রতিবাদে পুলিশকে ঘিরে ধরে পথ অবরোধও করে স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই পুরোদমে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।