Rajanya haldar: শপিংয়ে যেতেই রাজন্যার বাড়িতে ঘটল বড় বিপদ, ঘরে ফিরতেই মাথায় হাত – Bengali News | Everything was stolen from Rajnya Halder’s house in sonarpur
সোনারপুর: পুজোর মুখে বড়সড় ক্ষতি হল রাজন্যা হালদারদের। বৃহস্পতিবার তাঁর বাড়ি থেকে খোয়া গেল অনেক কিছু। খোয়া যাওয়া বলা ভুল, বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছে মোটা অঙ্কের টাকা। সঙ্গে চোর নিয়ে গিয়েছে নামি-দামী বিদেশি জিনিস।
এই ঘটনার পরই পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ রাজন্যা হালদারের পরিবার জামাকাপড় কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেই সময় বাড়িটি পুরোপুরি ফাঁকা ছিল। রাতভর বৃষ্টির কারণে তাঁরা দেরি করে ফেরেন। প্রায় রাত বারোটার সময় বাড়িতে ফিরে তালা খুললেও দেখা যায়, সমস্ত দরজা ভিতর থেকে আটকানো। পরিস্থিতি দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন তাঁরা।
বাড়ির ভেতরে ঢুকেই মাথায় হাত। দেখা যায়, পিছনের দিকে বেডরুমের জানালার গ্রিল ও পাল্লা ভাঙা অবস্থায় রয়েছে। শুধু তাই নয়, নীচের ও উপরের তলার একাধিক আলমারি ভাঙচুর করা হয়েছে। সেখান থেকেই নগদ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা, বায়নাকুলার এবং বিদেশ থেকে আনা বেশ কিছু দামী জিনিসপত্র উধাও হয়ে গিয়েছে।
চুরির ঘটনার পর কার্যত ক্ষুব্ধ রাজন্যা হালদার। তিনি সরাসরি চক্রান্তের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, এই ঘটনার নেপথ্যে পরিকল্পিত ষড়যন্ত্র লুকিয়ে আছে। ঘটনায় পুলিশকে অবগত করা হয়েছে। তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজন্যা হালদার বলেন, “আমরা এখানকার ৫৬ বছরের বাসিন্দা। এত বছরে এমন কিছু ঘটেনি। আর এটাকে চুরি বলা যায় না, ডাকাতির চেষ্টা। কালকে যখন এটা জানতে পেরেছি পুলিশ খুব দ্রুত এসেছে। এবং তার তদন্ত চালিয়ে যাচ্ছে।” রাজন্যার মা বলেন, “আমি পাঁচটার সময় বেরিয়েছি। ঢুকেছি রাত বারোটায়। এ দিকে দরজা খুলতে পারছি না। তখন রাজন্যার বাবা দরজা ভেঙে ঘরে ঢুকেছি। তারপর আর বুঝতে বাকি নেই।”