Harassment: ফেরিওয়ালাকে মারধরের ভিডিয়ো পোস্ট, হেনস্থার অভিযোগ পাঁশকুড়ায় – Bengali News | Harassment case in paskura, purbe medinipur, registered case
পাঁশকুড়া: এক ফেরিওয়ালাকে মারধর করা ও সেই মারধরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্টের জেরে গ্রেফতার যুবক। বামকর্মীর এই আচরণে ক্ষুব্ধ তৃণমূল। কটাক্ষ বিজেপির। সমালোচনায় অনুতপ্ত বাম নেতৃত্ব। রাজনৈতিক টানাপোড়েন শুরু এলাকায়। পাঁশকুড়ায় ওই ফেরিওয়ালাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।
পাঁশকুড়ায় ফেরিওয়ালাকে ব্যবসা করতে বাধা দেওয়া হয় ও হেনস্থা করা হয় বলে অভিযোগ। বিদ্বেষমূলক পোস্ট করায় পাঁশকুড়ার ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে শুক্রবার তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
জানা গিয়েছে, পাঁশকুড়ার যশোড়ার বাসিন্দা গোপাল মান্না গত বৃহস্পতিবার এলাকায় এক ফেরিওয়ালাকে ঢুকতে বাধা দেয় ও হেনস্থা করে। পরে নিজের সামাজিক মাধ্যমে মুর্শিদাবাদের ফেরিওয়ালাকে এলাকায় ঢুকতে বাধা দেওয়ার ভিডিয়ো পোস্টও করেন। শুধু তাই নয়, অভিযোগ আধার কার্ড দেখাতে না পারায় ওই ফেরিওয়ালাকে মারধরও করেন গোপাল। আক্রান্ত ফেরিওয়ালা সাকিরুল শেখ বৃহস্পতিবার সকালে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে ওইদিন রাতে কেশাপাট থেকে গ্রেফতার করে।