Haldia: লাইন দিয়ে দাঁড়িয়ে একের পর এক ট্রাক, কী হচ্ছে ভারত-নেপাল সীমান্তে? – Bengali News | Trucks lined up one after another what is happening at the india nepal border
হলদিয়ায় দাঁড়িয়ে তেলের ট্যাঙ্কার
Image Credit: Tv9 Bangla
হলদিয়া: নেপালে অশান্তির প্রভাব পড়েছে হলদিয়া বন্দরের ‘নেপাল কার্গো’ পরিবহনে। সীমান্তে দাঁড়িয়ে এক হাজারের বেশি ট্রাক। পূর্ব মেদিনীপুরের শিল্পতালুক হলদিয়ার মাধ্যমে ভোজ্যতেলের কাঁচামাল অশোধিত পাম অয়েল সহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে নেপাল। বন্দর বাণিজ্যে এটি নেপাল কার্গো হিসেবে পরিচিত। অশান্তির জেরে মূলত প্রভাব পড়েছে ওই ক্রুড পামঅয়েল পরিবহনে। ট্যাঙ্কারে করে ওই ক্রুড পামঅয়েল হলদিয়া বন্দর থেকে নেপালের বিভিন্ন ভোজ্যতেল কারখানায় পাঠানো হয়। থমকে গিয়েছে সেই ভোজ্যতেলের কাঁচামাল পরিবহন।
বন্দর থেকে লোডিংয়ের পর মাঝপথে প্রায় ৩০ হাজার টন তেল পরিবহন থমকে গিয়েছে। ভারত-নেপাল সীমান্তে পাঁচদিন ধরে আটকে রয়েছে ক্রুড পামঅয়েল বোঝাই প্রায় এক হাজারের বেশি ট্রাক। হলদিয়া বন্দরেও ট্যাঙ্কারে ক্রুড পামঅয়েল লোডিং বন্ধ। ফলে চিন্তায় পড়েছেন হলদিয়া সহ রাজ্যের ট্রাক ও ট্যাঙ্কার পরিবহন ব্যবসায়ীরা। নেপালের পট পরিবর্তন ও অশান্তি কবে মিটবে সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা। শুধু ট্রাক ও ট্যাঙ্কার ব্যবসায়ীদের বাণিজ্য নয়, এক্সপোর্টার, ইমপোর্টার এবং হলদিয়া বন্দর কর্তৃপক্ষও এনিয়ে উদ্বেগে রয়েছে। তবে বিষয়টি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের বিষয়ের কারণে বন্দর কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি।
নেপালে পট পরিবর্তনের ফলে সেখানকার সরকারের ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্পর্কে কী ধরনের মনোভাব গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছে সবাই। কারণ নেপাল পণ্য আমদানি রফতানির জন্য ভারতের বন্দরগুলি ব্যবহার করে। এরা হলদিয়া বন্দরকে বাড়তি গুরুত্ব দেয় বরাবরই। হলদিয়া বন্দরের মাধ্যমে নেপাল বছরে ক্রুড পাম অয়েল আমদানি করে ১২ লক্ষ টনের উপরে।