Anubrata Mondal: ৫ দিনের পুরো বেডরেস্ট, কেষ্টর ঠিক হয়েছেটা কী? – Bengali News | Doctors give Anubrata Mondal for five days bed rest
বীরভূম: অসুস্থ বীরভূমের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। সেই কারণে তিনি থানায় হাজিরা দিতে পারছেন না। ডাক্তার অনুব্রত ওরফে কেষ্টকে বলেছেন বেডরেস্টে থাকতে। ঠিক কী অসুখ হয়েছে তাঁর?
পুলিশ সূত্রে খবর, আজ রবিবার বোলপুর থানায় অনুব্রতর আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য পৌঁছন। তাঁর হাতে ছিল কেষ্টর মেডিক্য়াল রিপোর্ট। পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট রিপোর্টে চিকিৎসক অনুব্রতকে পাঁচদিনের বেডরেস্টে থাকতে পরামর্শ দিয়েছেন। তবে তাঁর কী অসুখ হয়েছে, কেনই বা এই বেড রেস্ট তা এখনও পর্যন্ত জানতে পারা যায়নি।
উল্লেখ্য, তিহাড়ে যাওয়ার পূর্বে অনুব্রত জানিয়েছিলেন আদালতকে তাঁর ফিসচুলার সমস্যা রয়েছে। তা ফেটে এক সময় রক্ত বেরিয়ে গিয়েছিল। এতে বেজায় কষ্টও পেয়েছেন কেষ্ট। সেই সমস্য়া কি পুনরায় বাড়ল? তা যদিও এখনও অবধি জানা যায়নি। তবে শুধু ফিসচুলা নয়, এর পাশাপাশি আরও অসুখ রয়েছে বীরভূমের এই তৃণমূল নেতার। কিন্তু বর্তমানে কোন সমস্যায় এত কষ্ট পাচ্ছেন? তা স্পষ্ট হচ্ছে না।
এ দিন, অনুব্রতর অনুগামী হিসাবে পরিচিত গগন সরকার জানিয়েছেন, অনুব্রত আজ পার্টি অফিসেও যাবেন না। তিনি বলেন, “যে লোকটাকে বেডরেস্টে থাকতে বলা হয়েছে, তিনি মরতে-মরতেও পার্টি অফিস যাবেন? শনিবারের থেকেও অবস্থা খারাপ হয়েছে তাঁর। সেই কারণে যাবেন না।”
