Weather Update Today: মধ্য মার্চেই হাঁসফাঁস অবস্থা! আগামী সপ্তাহেই ‘খেলা ঘোরাবে’ গরম – Bengali News | Weather Update Today 7th March Weather News, May Temperature rise in a week
কলকাতা: সকালে গোল দিচ্ছে তপ্ত গরম। রাতে ময়দান ‘দখল’ নামছে শিরশিরানি। ফেব্রুয়ারির শেষ থেকে আপাতত এমন খেলাই দেখাচ্ছে আবহাওয়া। যার জেরে বছরের শুরুতেই জ্বর, সর্দি-কাশি, দোসর হয়েছে সাধারণের। তার মধ্যেই আবার পারদ আরও চড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
ফেব্রুয়ারি শেষ ও মার্চের শুরুর দিকে হুহু করে তাপমাত্রা বৃদ্ধি পেলেও, গত বুধবার থেকে পরিস্থিতি কিছুটা শিথিল। আজও সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে কলকাতায় দেখা গিয়েছে, ১৭ ডিগ্রি সেলসিয়াস। দমদম এলাকায় তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় আবার পারদপতন হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কিন্তু এই সুখ বেশিক্ষণের নয়। আবার নতুন করে ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে আগামী সপ্তাহেই নাজেহাল হবে সাধারণ মানুষ।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী মঙ্গলবার থেকেই বাড়তে শুরু করবে তাপমাত্রা। যার জেরে বুধবার রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বাধিক তাপমাত্রা ছুঁয়ে ফেলবে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘর।
তবে পারদ চড়লেও দক্ষিণবঙ্গের জন্য ‘স্বস্তির’ বৃষ্টির কোনও সম্ভবনা নেই। অবশ্য, উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি একটু আলাদা হলেও হতে পারে। জানা গিয়েছে, শুক্র ও শনিবার, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পং-সহ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা।
