Tahawwur Rana: ধোপে টিকল না তাহাউরের আর্জি! শাস্তি পেতে ভারতে আসতেই হবে মুম্বই হামলার মূলচক্রীকে – Bengali News | 26/11 Mumbai Attack Tahawwur Rana’s Extradition Stay Request Rejected by US Supreme Court
ওয়াশিংটন: ভারতে না ফেরার শেষ প্রচেষ্টাতেও জল। মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানার আবেদন খারিজ করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট। পাক বংশোদ্ভূত জঙ্গিকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছে আমেরিকা। এদিকে তাহাউরের মনে ভয়। প্রত্যর্পণ বাতিল করতেই মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তাহাউর। সেই আবেদন খারিজ করে দিল আমেরিকার শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের বিচারপতি এলিনা কাগান জঙ্গি মদতদাতা তাহাউরের আবেদন গ্রহণ করতে রাজি না হওয়ায়, ভারতে ফেরা ছাড়া আর উপায় নেই মুম্বই হামলার চক্রীর। তবে তাঁর কাউন্সিল ফের ইমার্জেন্সি অ্যাপ্লিকেশন করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে এই আবেদন রাখার।
কানাডার নাগরিকত্ব থাকলেও, তাহাউর পাকিস্তানি বংশোদ্ভূত। লস্কর-ই তৈবার জঙ্গি ডেভিড হেডলির সঙ্গে যুক্ত তাহাউর, এমনটাই জানা যায়। ২০০৮ সালে মুম্বইয়ে পরপর যে জঙ্গি হামলা হয়, যেখানে ১৭৫ জন মারা যান। সেই হামলার অন্যতম চক্রী ছিল তাহাউর। বর্তমানে লস অ্যাঞ্জেলসের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছে তাহাউর।
গত সপ্তাহেই তাহাউর মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন করেছিল যে তাঁকে যেন ভারতে ফেরত না পাঠানো হয়। ভারতে গেলে তাঁর উপরে অত্যাচার করা হবে কারণ তিনি পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম।
