Weather Update: ৩৮ ডিগ্রিতে উঠছে পারদ! ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা, ৯ তারিখ থেকেই বদলাবে হাওয়া? কী বলছে আবহাওয়া দফতর – Bengali News | Temperature to rise to 38 degrees Celsius, what other updates is the Meteorological Department giving for West Bengal
কলকাতা: দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে চলবে লাগাতার বৃষ্টি। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন উপরের চার জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। তবে আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন আকাশ মূলত পরিষ্কার থাকছে। দিনের বেলায় গরম বাড়বে।
আবহাওয়া দফতর এও জানাচ্ছে, ৯ মার্চ রবিবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। অন্যদিকে অসমের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতর বলছে, এ সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়ে ফেলতে পারে। সপ্তাহান্তে পারদের সবথেকে বেশি ঊর্ধ্বগ্রাফ দেখা যেতে পারে। জেলায় জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ২৩ থেকে ৮৮ শতাংশের মধ্যে।