বঙ্গেও আসরে নামছে ‘গোরক্ষক বাহিনী’, দিল্লিতে তৈরি হয়ে গেল নীল নকশা
বাংলায় গোহত্যা রুখতে আসরে নামল বিশ্ব হিন্দু পরিষদ। রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনী গোসেবা সঙ্ঘের পশ্চিমবঙ্গ শাখার নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন সংগঠনের সভাপতি অলোক কুমার। সূত্রের খবর, বাংলায় গোহত্যা এবং গোরু পাচার রোখার নীল নকশাও তৈরি হয়েছে দিল্লির কার্যালয়ে। শীঘ্রই এ রাজ্যে অভিযান শুরু করবে ভিএইচপি।
অনেকের মতে, বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিমবঙ্গে আরও শক্তিবৃদ্ধি করতে চাইছে। তবে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও কর্মসূচি ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, খুব শীঘ্রই জেলায় যৌথ ‘গোসেবা’ কর্মসূচি, গো-শালাগুলির জন্য সাহায্য এবং দুই ২৪ পরগনায় সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হবে।
বৈঠকে রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনী গোসেবা সঙ্ঘের পশ্চিমবঙ্গ শাখার সংখ্যালঘু সেলের নেতা ইকবাল ত্যাগী ও রিজওয়ান আনসারিও উপস্থিত ছিলেন। ওয়াকিবহল মহলের দাবি, সংখ্যালঘু নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠক গোহত্যা বা পাচারকে শুধুমাত্র কেবল একটি সম্প্রদায়ের লড়াই হিসাবে দেখা হচ্ছে না। বরং সব সম্প্রদায়ই যে এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বা প্রতিরোধ গড়ে তুলছে, সেই বার্তাই দেওয়া হলো। বৈঠকে রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনী গোসেবা সঙ্ঘের পশ্চিমবঙ্গ শাখার নেতৃত্বদের সম্মানিতও করা হয়েছে। ‘গোমাতা স্মারক’ পুরস্কার দেওয়া হয়েছে তাঁদের।