‘দিল্লি নয়, ঢাকা’ স্লোগানে উত্তাল বাংলাদেশ, তারেকের বিরুদ্ধে বিক্ষোভে ভারত-বিরোধী আওয়াজ - 24 Ghanta Bangla News
Home

‘দিল্লি নয়, ঢাকা’ স্লোগানে উত্তাল বাংলাদেশ, তারেকের বিরুদ্ধে বিক্ষোভে ভারত-বিরোধী আওয়াজ

Spread the love

ঢাকা: বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ বিভ্রাট এবং জ্বালানি ও গ্যাসের সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বিরুদ্ধে পথে নামল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। শুক্রবার…

ঢাকা: বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ বিভ্রাট এবং জ্বালানি ও গ্যাসের সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বিরুদ্ধে পথে নামল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। শুক্রবার ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত জমায়েত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে ঘরোয়া সমস্যার প্রতিবাদের মঞ্চেই ফের শোনা গেল ভারত-বিরোধী স্লোগান। ‘দিল্লি নয়, ঢাকা’ আওয়াজ তুলে জমায়েতে উপস্থিত সমর্থকদের একাংশকে ‘ঢাকা, ঢাকা’ বলতে দেখা যায় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

নাহিদের অভিযোগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও বিদ্যুৎ-জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁরা পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা। প্রয়োজনে সেই মিছিল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘেরাও করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ভারতকে ঘিরে একাধিক অভিযোগ নাহিদের

সমাবেশে বক্তৃতা করতে গিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তোলেন নাহিদ। অসম ও পশ্চিমবঙ্গে মুসলিমদের উপর অত্যাচার, সীমান্তে হত্যাকাণ্ড এবং দিল্লিতে মসজিদ ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে বলে দাবি করেন তিনি। তবে এই অভিযোগগুলির সমর্থনে কোনও প্রমাণ তিনি পেশ করেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গঙ্গার জলবণ্টন চুক্তি নিয়েও সরব হন এনসিপি আহ্বায়ক। তাঁর বক্তব্য, ডিসেম্বরের মধ্যে ন্যায্য শর্তে চুক্তি পুনর্নবীকরণ না হলে বাংলাদেশে ফের আন্দোলন শুরু হবে।

হাসিনার বিদায়ের পর থেকেই বাড়ছে ভারত-বিরোধী বয়ান

২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রনেতার বক্তব্যে ভারত-বিরোধী সুর একাধিক বার সামনে এসেছে। গত বছর ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্যকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছিলেন এনসিপি সাংসদ হাসনাত আবদুল্লা। শুক্রবারের জমায়েতেও তিনি উপস্থিত ছিলেন। তবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই ধরনের মন্তব্য কিছুটা কমেছিল। সাম্প্রতিক বিক্ষোভে ফের সেই স্লোগান সামনে এল।

মূল্যবৃদ্ধি ও জ্বালানি সঙ্কটে বাড়ছে ক্ষোভ

বাংলাদেশের অর্থনীতির উপর মূল্যবৃদ্ধি ও জ্বালানি সঙ্কটের চাপ নিয়ে উদ্বেগ রয়েছে। বিশ্ব ব্যাঙ্কের অক্টোবরের রিপোর্ট অনুযায়ী, ২০২৬ অর্থবর্ষে দেশে দারিদ্রসীমার নীচে থাকা মানুষের সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ২১ লক্ষ বেড়েছে। মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থানের দুর্বল পরিস্থিতি সাধারণ মানুষের আর্থিক চাপ আরও বাড়িয়েছে।

এই পরিস্থিতিতে এনসিপির বিক্ষোভে ক্ষোভের নিশানা হয়েছে তারেক রহমানের সরকার। নাহিদের দাবি, ক্ষমতায় আসার পরও সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে পারেনি বিএনপি। অন্য দিকে, ভারতকে ঘিরে তাঁর মন্তব্য দুই দেশের সম্পর্কের আবহে নতুন করে অস্বস্তি তৈরি করতে পারে। ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অসন্তোষের পাশাপাশি ভারত-বিরোধী বক্তব্যও ফের আলোচনায় উঠে এল।

হাসিনার পতনের আগেই ইউনূসকে প্রস্তাব! দুই দিন আগে কী হয়েছিল?

RAW-এর চর সন্দেহ, বিস্ফোরক পডকাস্ট! প্রাক্তন বাংলাদেশি বায়ুসেনা আধিকারিকের মৃত্যু ঘিরে রহস্য

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *