ত্রাতা গোলকিপার, লড়েও আল সিবের বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের
শেষ মিনিট ড্রামায় ভরা
ম্যাচের শেষ পনেরো মিনিট খেলা রূপ নেয় এক রুদ্ধকর ড্রামায়। ৮০ মিনিটে মাঝমাঠ থেকে রশিদের নিখুঁত ক্রস থেকে ডানপ্রান্ত ধরে দৌড়ে এসে বুলেট শট নেন বিপিন সিং। নিশ্চিত গোল বাঁচাতে শরীর ছুঁড়ে দিয়ে বল প্রতিহত করেন আল সিব কিপার। এর ঠিক পরেই পাল্টা আক্রমণে নামে ওমানি দলটি। ৭৭ ও ৭৯ মিনিটে আল বুরেইদি ও আল মালকির জোরালো শট পোস্টের বাইরে দিয়ে যায়।
তবে ম্যাচের আসল ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। নির্ধারিত সময়ের অন্তিমলগ্নে বক্সের বাইরে ফাঁকা জায়গা পেয়ে আচমকা জোরালো শট নেন ওমানের তারকা জাহির আল আঘবারি। বল যখন পোস্টের টপ কর্নার দিয়ে জালে জড়ানোর মুখে, ঠিক তখনই চোখ ধাঁধানো ডাইভ দিয়ে নিজের ডানহাতের আঙুলের ডগা দিয়ে বলের গতিপথ বদলে দেন ফুরবা লাচেনপা। কর্নারের বিনিময়ে এই অভাবনীয় সেভের পর যেন গোটা আল সিব স্তব্ধ হয়ে যায়। ৮৮ মিনিটে প্রতি-আক্রমণে রশিদের শট ওমানি বক্সে জটলা তৈরি করলেও তা থেকে গোল আসেনি।
ম্যাচের পরিসংখ্যান দেখলে ইস্টবেঙ্গলের থেকে এগিয়ে আল সিব। তারা মোট শট নেয় ১৮টা, অন্যদিকে ইস্টবেঙ্গল নেয় ১০টা। গোলে আল সিব শট নেয় ৫টা, যেখানে ইস্টবেঙ্গল মাত্র দুটো। বলের দখলেও এগিয়ে আল সিব।
ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ৩ নভেম্বর আল সিবের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে।