৫৯৯ টাকায় ভুয়ো প্রেস কার্ড? যন্তর মন্তর তদন্তে নয়া মোড়
সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি
মাত্র ৫৯৯ টাকায় মিলছে ছবি দেওয়া প্রেস কার্ড বা সাংবাদিকের সচিত্র পরিচয়পত্র? ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)–এর প্রতিবাদ কর্মসূচিতে অশান্তির তদন্তে নেমে এমনই বিস্ফোরক তথ্য জানতে পেরেছে দিল্লি পুলিশ! তদন্তে উঠে এসেছে, সিজেপির প্রতিবাদ কর্মসূচি ‘কভার’ করার জন্য ১০ তারিখ দিল্লির রাস্তায় নামা অগণিত সাংবাদিকের গলায় ছিল ভুয়ো সচিত্র পরিচয়পত্র, যেগুলি বিক্রি করে মোটা টাকা রোজগার করেছে বেশ কয়েকটি প্রতারক সংস্থা৷ মাত্র ৫৯৯ টাকার বিনিময়ে সাংবাদিকের ভুয়ো পরিচয়পত্র সংগ্রহ করে প্রচুর লোক বিভিন্ন অনামী নিউজ পোর্টাল এবং ইউটিউব চ্যানেলের নাম করে ১০ অক্টোবর যন্তর মন্তর, মান্ডি হাউস, জনপথ, আইটিও, খান মার্কেট, কেন্দ্রীয় সচিবালয়–সহ সেন্ট্রাল দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিলেন বলেই দাবি দিল্লি পুলিশের৷ তাদের আরও দাবি, এই ভুয়ো সাংবাদিকদের মূল লক্ষ্য ছিল সিজেপির প্রতিবাদ কর্মসূচিকে হাতিয়ার করে দিল্লি–সহ গোটা দেশে অরাজকতার বাতাবরণ তৈরি করা। তবে, লুটিয়েন্স দিল্লির অধিকাংশ জায়গায় সে দিন মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় এই ‘ভুয়ো’ সাংবাদিকরা তাঁদের অভিষ্ট সিদ্ধি করতে পারেননি বলে জানিয়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ৷ কে বা কারা ৫৯৯ টাকার বিনিময়ে প্রেস কার্ড ছাপিয়ে বিক্রি করেছেন, তাঁদের পরিচয় জানতে চলছে তদন্ত৷