Jhargram Fire: মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা, দাউদাউ করে জ্বলে গেল একের পর এক লরি | Huge fire on road in Jhargram, lorries burned on thursday night
ঝাড়গ্রামে অগ্নিকাণ্ডImage Credit: TV9 Bangla
ঝাড়গ্রাম: ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে ছাই একের পর এক লরি। ঝাড়গ্রামের (Jhargram) জাতীয় সড়কের উপর এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গিয়েছে, একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। জ্বলতে থাকে সেই লরি। তার থেকে পাশে থাকা লরিগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার মধ্যরাতে ঝাড়গ্রামের চিয়াপাড়ার কাছে ঘটনাটি ঘটেছে।
আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় মোট চারটি লরি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিঁচড়ার দিক থেকে আসা একটি লরি চিয়াপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। লরিতে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই তাতে আগুন ধরে যায়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে থাকা অন্যান্য লরিতেও। দাউদাউ করে জ্বলতে থাকে একের পর এক লরি। বিধ্বংসী আগুনে চারটি লরি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
এই ভয়াবহ দুর্ঘটনায় কোনওক্রমে প্রাণে রক্ষা পান দুর্ঘটনাগ্রস্ত লরির চালক। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। জাতীয় সড়কের চিয়াপাড়া সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।