এসপ্ল্যানেড খালি করতে ৫২৮ জন ব্যবসায়ীকে নোটিস, কোথায় হচ্ছে পুনর্বাসন?
কলকাতা: সরকারি সম্পত্তি দখল বা বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপের বার্তা দেওয়ার পাশাপাশি এবার উন্নয়নমূলক কাজের স্বার্থে এসপ্ল্যানেডের বহু দোকানে নোটিস জারি করা হলো। জোকা-এসপ্ল্যানেড…

কলকাতা: সরকারি সম্পত্তি দখল বা বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপের বার্তা দেওয়ার পাশাপাশি এবার উন্নয়নমূলক কাজের স্বার্থে এসপ্ল্যানেডের বহু দোকানে নোটিস জারি করা হলো। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)-এর তরফে ময়দান মার্কেট খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ত দপ্তরের প্রাপ্ত নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৬ অগস্টের মধ্যে এই মার্কেট স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে না, বরং এসপ্ল্যানেড মেট্রো সম্প্রসারণের কাজের জন্য তাঁদের দোকানগুলি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, প্রস্তাবিত এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি নির্মিত হবে এই ময়দান মার্কেটের ঠিক নিচেই। এর ফলে মার্কেটের মোট ৫২৮ জন ব্যবসায়ী সরাসরি প্রভাবিত হচ্ছেন।
ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত রাখতে আপাতত অস্থায়ীভাবে কলকাতা পুলিশের মাউন্টেড প্যাডক মাঠে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করেই ব্যবসায়ীদের সেখানে স্থানান্তরিত করা হবে। অতীতে এই মেট্রো স্টেশন নির্মাণ ও ব্যবসায়ীদের স্থানান্তর নিয়ে রাজনৈতিক বিতর্ক ও দীর্ঘ টানাপোড়েন চললেও, বর্তমান পরিস্থিতিতে জট কেটেছে এবং ব্যবসায়ীরাও স্থানান্তরে সম্মত হয়েছেন।
কাজে গতি আনছে রেল ও পূর্ত দফতর
নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু করতে ময়দান মার্কেট খালি করার প্রক্রিয়ায় সর্বোচ্চ জোর দিয়েছে পূর্ত দপ্তর। উল্লেখ্য, ইতিমধ্যে ভিক্টোরিয়া স্টেশন তৈরির কাজ শুরু হয়ে গেছে এবং টানেল বোরিং মেশিন মাটির তলায় ভিক্টোরিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই সামগ্রিক অগ্রগতি এবং এসপ্ল্যানেডের মেট্রো স্টেশন নির্মাণের কাজ দ্রুত শেষ করতেই এখন অতিমাত্রায় তৎপর হয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড কর্তৃপক্ষ।
