মহুয়ার নিশানা ইসিআইয়ের আইটি ডিজি সীমা খান্না, FIR-এর আবেদন
নয়াদিল্লি: নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য…
নয়াদিল্লি: নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি বিভাগের ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই তথ্য জানিয়েছেন মহুয়া। তাঁর এই অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখতে আগামী ৫ অক্টোবর পর্যন্ত সময় চেয়েছেন পার্রামেন্ট স্ট্রিট থানার এসএইচও (SHO)।
SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই চর্চায় রয়েছেন সীমা খান্না। সম্প্রতি ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্রে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নিজের ইচ্ছেমতো সমস্ত সিদ্ধান্ত নেওয়ার চাঞ্চল্যকর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তারপর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের সমস্ত বিরোধী দলগুলির প্রধান নিশানা হয়ে উঠেছেন সীমা খান্না।
সীমা খান্নার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?
কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস (TMC) সহ একাধিক বিরোধী দলের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে থাকা ইআরও (ERO) এবং ব্লক স্তরের আধিকারিকদের সম্পূর্ণ অন্ধকারে রেখে সফটওয়্যারের ব্যাক-এন্ডে কারসাজি করা হয়েছে। এর মাধ্যমেই ভোটার তালিকায় বড় ধরনের হেরফের করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। চলতি বছরের জানুয়ারিতে নির্বাচন কমিশন ‘ECINet’ পোর্টাল চালু করে। কমিশনের অভ্যন্তরীণ অ্যাপ্লিকেশন ও ডেটাবেসকে এক ছাতার তলায় আনতে এই ব্যবস্থা আনা হয়েছিল। তবে সীমা খান্নার নেতৃত্বাধীন আইটি বিভাগকে এই সফটওয়্যার ও ডেটাবেসের ব্যাক-এন্ডে সম্পূর্ণ প্রবেশাধিকার দেওয়ায় কারসাজির সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ ওঠে।
কে এই সীমা খান্না?
সীমা খান্না বর্তমানে নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি (IT) বিভাগের প্রধান হিসেবে ডিজিটাল পরিকাঠামো সামলানোর দায়িত্বে রয়েছেন। তিনি পাটনার নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর আইআইটি দিল্লি থেকে ইনফর্মেশন সিকিউরিটিতে ডক্টরেট সম্পন্ন করেন। নেটওয়ার্ক ও তথ্য সুরক্ষা ক্ষেত্রে তাঁর ২৫ বছরেরও বেশি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি এনআইসি-র (NIC) ন্যাশনাল নলেজ নেটওয়ার্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। তবে নির্বাচন কমিশনের ‘ECINet’ ও ‘ERONet’ সফটওয়্যার পরিচালনা নিয়ে এই বিতর্কের জেরে এখন রাজনৈতিক মহলে তিনি তীব্র আলোচনার কেন্দ্রে রয়েছেন।
খাসির মাংসের বদলে বেড়ালের মাংস? গঙ্গারামপুরে মটন পোলাও ঘিরে তুলকালাম
ফ্লাইদুবাইয়ের ১৭৪ যাত্রীর জীবন রক্ষাকারী ভারতীয় পাইলট স্মিত মাছড়কে ‘হিরো’ বললেন মোদী