WB Madhyamik Exam: ২০২৭ সালে মাধ্যমিকের কোন পরীক্ষা কবে? জেনে নিন সূচি | WB Madhyamik Exam Routine 2027 Released: Class 10 Board Exams to Begin on February 15
কলকাতা: মাস দুয়েক আগে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা কবে শুরু হবে, এবার তার সূচি জানাল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০২৭ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। কবে কোন পরীক্ষা হবে, সেই সূচি জানিয়েছে। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত পরীক্ষা হবে। তবে প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য। ১১টা থেকে উত্তর লেখা শুরু করতে পারবে পরীক্ষার্থীরা।
দেখে নিন কোন দিন কী পরীক্ষা রয়েছে-
বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি (সোমবার) প্রথম ভাষার পরীক্ষা হবে। ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে। ১৭ তারিখ কোনও পরীক্ষা নেই। এরপর ১৮ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা হবে। ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) রয়েছে ভূগোল পরীক্ষা। তারপর অঙ্ক পরীক্ষার আগে ২ দিন সময় পাবে পরীক্ষার্থীরা। অঙ্ক পরীক্ষা হবে ২২ ফেব্রুয়ারি। পরদিন অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি রয়েছে ভৌত বিজ্ঞানের পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞানের পরীক্ষা। ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে ২৫ ফেব্রুয়ারি। যারা ঐচ্ছিক বিষয় হিসেবে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন নিয়েছে, তাদের পরীক্ষার দিন পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দেয় প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী। মাধ্যমিকের ফল প্রকাশ হয় গত ৮ মে।