কোর কমিটিতে ঠাঁই শুধু গৌতম দেবের, উত্তরের বঞ্চনায় ক্ষোভ তৃণমূলে
দলের নতুন কমিটির ঘোষণার পরেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন কোচবিহারের প্রাক্তন সংসদ পার্থপ্রতিম রায়। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘উত্তরবঙ্গের আটটি জেলা থেকে একজনও যোগ্য ব্যক্তি নেই। রাজবংশী, অ-রাজবংশী, আদিবাসী, না সংখ্যালঘু, না সংখ্যাগুরু। এখন ও এত উন্নাসিকতা। উত্তরবঙ্গের প্রতি এত অবহেলা। আর কত..।’ তাঁর এই পোস্ট নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। প্রকাশ্যে না হোক আড়ালে অনেকেই পার্থর মন্তব্যকে সমর্থন করছেন। এ প্রসঙ্গে উত্তরের একমাত্র তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, ‘দল যেটা মনে করেছে সেটাই করেছে।’ পাশাপাশি তাঁর কটাক্ষ ‘উত্তরবঙ্গে হয়তো এ বার সে ভাবে আসন না মেলায় কমিটিতে উত্তরের কাউকে রাখা হয়নি।’ তবে বর্ষীয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষ অবশ্য এ নিয়ে কিছুটা সাবধানী। তিনি বলেন, ‘কমিটি একটু ছোট করে করা হয়েছে। পরবর্তীতে হয়তো বড় করা হবে।’