সন্তানদের সঙ্গে gossip chat কি parent-child bonding বাড়ায়?
বলি পরিচালক ও কোরিওগ্রাফার Farah Khan সম্প্রতি অভিনেত্রী Rubina Dilaik-এর সঙ্গে এক পডকাস্টে নিজের মাতৃত্বের অভিজ্ঞতা ভাগ করেছেন। ফারাহ জানান, প্রতিদিন সন্ধ্যায় তিনি তাঁর সন্তানদের সঙ্গে গসিপ চ্যাট করেন। সেই আড্ডার মাধ্যমেই তিনি বুঝতে পারেন, সন্তানদের জীবনে কী চলছে, তারা কী ভাবছে বা কী অনুভব করছে।
ফারাহ বলেন, ‘আমি খুব কুল এবং মজার মা। তবে আমি যথেষ্ট কড়াও। আমার সন্তানরা কোথায় যাচ্ছে বা কী করছে, সে বিষয়ে আমি সব সময় খোঁজ রাখি।’ তাঁর এই কথাতেই স্পষ্ট, তিনি সন্তানদের সঙ্গে এমন এক সম্পর্ক গড়ে তুলেছেন যেখানে ভালোবাসা, বন্ধুত্ব ও দায়িত্ব— তিনটের সুন্দর ভারসাম্য রয়েছে। আপনিও নিজের সন্তানের সঙ্গে কী ভাবে গড়ে তুলবেন এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? বিশেষজ্ঞদের মতে এই ক্ষেত্রে কিছু সাধারণ অভ্যাস কার্যকর হতে পারে।
সন্তানের পাশে থাকুন
শুধু পড়াশোনা বা নিয়মকানুন নয়, সন্তানের আবেগও বোঝা জরুরি। প্রতিদিন কিছু সময় মোবাইল, টিভি বা অন্য ব্যস্ততা সরিয়ে রেখে সন্তানের কথা মন দিয়ে শুনুন। সে কী বলতে চাইছে, তা গুরুত্ব দিয়ে শুনলে তার মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়।
বিচারহীন পরিবেশ তৈরি করুন
সন্তান অনেক সময় ভয় পায় যে, নিজের কথা বললে বাবা-মা বকবেন বা অন্য কারও সঙ্গে তুলনা করবেন। তাই এমন পরিবেশ তৈরি করুন যেখানে সন্তান বুঝতে পারে, তাকে বিচার নয়, বোঝার চেষ্টা করা হবে। এতে সে আরও সহজে মনের কথা খুলে বলবে।