Kolkata Airport: মাঝ আকাশে আচমকাই বুকে ব্যথা ঊষার, অনবরত বমি, বিমান নামানো হল কলকাতায় – Bengali News | Kolkata airport Foreign passenger started vomiting in mid air, Qatar plane landed in Kolkata
কলকাতা বিমানবন্দর (ফাইল ছবি)Image Credit source: Facebook
কলকাতা: মাঝ আকাশে বিমান। ঠিক সে সময়েই বছর সত্তরের ঊষার বুকে হঠাৎ ব্যথা শুরু হয়। এরপর বিমানের সিটেই অনবরত বমি করতে থাকেন তিনি। কেবিন ক্রু বিষয়টি নিয়ে পাইলটের দৃষ্টি আকর্ষণ করেন। তড়িঘড়ি কলকাতা বিমানবন্দরে নামানো হয় তাঁকে। আন্তর্জাতিক বিমানে অসুস্থ হয়ে পড়া এক মহিলা যাত্রীকে কলকাতা বিমানবন্দরে নামানো হল। টোকিও থেকে দোহাগামী কাতার এয়ারলাইন্সের বিমান অগ্রাধিকারের ভিত্তিতে জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে।
শুক্রবার টোকিও থেকে দোহাগামী কাতার এয়ারওয়েজের কিউ আর ৮০৬-এর যাত্রী ছিলেন মিসেস ঊষা গিল। বিমানের মধ্যেই বুকের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। অনবরত বমি করতে থাকেন। পাশের যাত্রী কেবিন ক্রুকে বিষয়টা জানান। তিনিই দ্রুত পাইলটকে বিষয়টি জানিয়ে বিমান অবতরণের দ্রুত ব্যবস্থা করেন।
পাইলট কলকাতা বিমানবন্দরের এটিসির সঙ্গে যোগাযোগ করে নন সিডিউল ফ্লাই টিকে কলকাতার মাটিতে অবতরণের অনুমতি চান। সেই মতো অনুমতি পেলে ৩২১ জন যাত্রী ২০ জন কেবিন ক্রু নিয়ে সকাল ৯. ৪৪ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
১১৪ নম্বর পার্কিং বেল্টে বিমানটি আসার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে নিযুক্ত চিকিৎসকরা শারীরিক পরীক্ষা করা হয়। তারপর পরিস্থিতি বুঝে অপারেশন গেট নম্বর ৫ থেকে বেরিয়ে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিবাসন দফতর থেকে ছাড়পত্র মেলার পরেই ওই যাত্রীকে কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি মেলে ১১ টা ৪৪ মিনিট নাগাদ। পরবর্তী সময় বিমানটি ৩১৯ জন যাত্রী এবং ২০ জন কেবিন ক্রু নিয়ে দোহার উদ্দেশ্যে রওনা দেন। তবে বেসরকারি হাসপাতাল সূত্রের খবর, বিদেশি নাগরিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।