IPL 2025, MI: রোহিত-স্কাইদের মতো তারকাদের মাঝে মুম্বই ইন্ডিয়ান্সের নীরব যোদ্ধা নমন! - Bengali News | Mumbai Indians Naman Dhir Most Impactful Batter Of IPL 2025 - 24 Ghanta Bangla News
Home

IPL 2025, MI: রোহিত-স্কাইদের মতো তারকাদের মাঝে মুম্বই ইন্ডিয়ান্সের নীরব যোদ্ধা নমন! – Bengali News | Mumbai Indians Naman Dhir Most Impactful Batter Of IPL 2025

তারকা ক্রিকেটারদের দিকে সকলেরই নজর থাকে। সেটা আন্তর্জাতিক ক্রিকেটেও। সব মিলিয়েই বলা যাক, মূল আকর্ষণ তারকাদের ঘিরেই। যে কোনও স্পোর্টসের ক্ষেত্রেই তাই। আসা যাক আইপিএলের আলোচনায়। এখানে অবশ্য দু-ধরনের ক্রিকেটাররা নজর কাড়েন। এক তো তারকা প্লেয়াররা। দ্বিতীয়ত, যারা এক্কে বারে নতুন। উঠতি প্রতিভাদের নিয়ে কৌতুহল বেশি। তারা আইপিএলের মতো বড় মঞ্চে পারফর্ম করতে পারবেন কি না, স্নায়ুর চাপ কী ভাবে সামলান। নজর থাকে তাঁদের উত্থানেও। কিন্তু প্রতিটি দলে এমন কিছু প্লেয়ারও থাকে, যাঁরা কার্যত নীরব যোদ্ধা। বুঝতে অসুবিধে হচ্ছে? আরও সহজ করে না হয় বলছি।

উদাহরণ হিসেবে কলকাতা নাইট রাইডার্সের কথাই বলা যাক। একটা সময় অবধি রিঙ্কু সিংকে কতজন চিনতেন? খুবই সামান্য। রিঙ্কু খেলার সুযোগ সামান্যই পেতেন। তবে প্র্যাক্টিসে কখনও ফাঁকি দিতেন না। সুযোগ পেলে যেন মিস না হয়। বেশ কিছু ম্য়াচে শুধুমাত্র পরিবর্ত ফিল্ডার হিসেবেই নেমেছেন। তাতে অবশ্য দায়বদ্ধতায় কোনও ঘাটতি ছিল না। বরং ধীরে ধীরে সকলে রিঙ্কুকে চিনতে শুরু করেছিলেন। তখনও অবধি রিঙ্কু সিং ছিলেন একজন দুর্দান্ত ফিল্ডার। পরবর্তীতে কেকেআরের হয়ে নিয়মিত খেলার সুযোগ, লোয়ার অর্ডারে ব্যাটিং, এমন ইনিংস যা নজরে পড়ে না। এরপর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেই ম্যাচ। টানা পাঁচ ছক্কায় জিতিয়েছিলেন। বদলে যায় তাঁর কেরিয়ার। তার আগে অবধি তিনি ছিলেন শুধুমাত্র একজন কার্যকরী ক্রিকেটার। তবে স্টার নন।

মুম্বই ইন্ডিয়ান্সেও এমন একজন নীরব যোদ্ধা রয়েছে। যাঁকে নিয়ে সেই অর্থে কোনও আলোচনাই হয় না। নমন ধির। ফিল্ডিংয়ে চনমনে। তাঁর কাছে বল যাওয়া মানেই ব্যাটার অ্যালার্ট হয়ে যান, রান নেওয়া ঠিক হবে কি না। ব্যাটিংয়ে এমন পজিশনে নামেন, যেখানে সেট হওয়ার সুযোগ নেই। শুরু থেকেই চালিয়ে খেলতে হবে। এমন একটা চাপের মুহূর্তে নেমে ধারাবাহিক ভালো পারফর্ম করা সহজ নয়। মুম্বইয়ের তরুণ ক্রিকেটার সেটাই করে চলেছেন। এমনকি পঞ্জাব কিংসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারেও ১৮ বলে ৩৭ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন নমন। যদিও ম্যাচটা হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

শুধু একটা ম্যাচই নয়, এ মরসুমে ধারাবাহিক এমন পারফর্ম করেছেন। আরও একবার বলতে হয়, লোয়ার অর্ডারে ব্যাটিং করে এমন ধারাবাহিকতা সত্যিই কঠিন। গত মরসুমে মুম্বই জার্সিতে আইপিএল অভিষেক পঞ্জাবের এই তরুণ ক্রিকেটারের। সুযোগ পেয়েছিলেন মাত্র সাতটি ম্যাচে। করেছিলেন ১৪০ রান। ৬২ রানের অপরাজিত ইনিংসও ছিল। এবারের আইপিএলে মুম্বই একাদশ তৈরি হয়েছে তাঁকে রেখেই। ১৬ ম্যাচের মধ্যে ১২টিতে ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েছে। করেছেন ২৫২ রান। ব্যাটিং গড় প্রায় ৩২। স্ট্রাইকরেট প্রায় ১৮৩। ১২টি ক্যাচও নিয়েছেন। এই সাফল্যটা নেহাৎই সাদামাটা মনে হতে পারে। আসলে এই পারফরম্যান্সগুলো আড়ালে থেকে যায়। কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *