High Court: সরকারি চাকরিতে বদলিতে নির্দেশ নিয়ে বড় পর্যবেক্ষণ আদালতের | Patna High Court on Employee Transfer: Can’t Refuse Posting or Stay Absent by Filing Representation
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
পটনা: সরকারি চাকরিতে বদলির নির্দেশ (Transfer Order) নিয়ে বড় পর্যবেক্ষণ আদালতের। চাকরিতে অন্যত্র পোস্টিংয়ের বিরুদ্ধে আবেদন জানিয়ে বদলির নির্দেশ প্রত্যাখান করতে পারেন না কোনও কর্মী। কিংবা আবেদন জানিয়ে কাজে অনুপস্থিত থাকতে পারেন না। প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী কর্মীদের কোথায় পোস্টিং দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে নিয়োগকর্তার। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ পটনা হাইকোর্টের (Patna High Court) ডিভিশন বেঞ্চের।
বিচারপতি মোহিত কুমার শাহ এবং বিচারপতি সৌরেন্দ্র পাণ্ডের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, চাকরিতে বদলির নির্দেশের বিরুদ্ধে কোনও কর্মী আবেদন বা প্রতিনিধিত্ব (Representation) জমা দিলেও, যতক্ষণ না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই নির্দেশ স্থগিত, সংশোধন বা বাতিল করছে, ততক্ষণ তাঁকে নির্দেশ মেনেই কাজে যোগ দিতে হবে। শুধুমাত্র আবেদন জমা দিয়ে কাজে অনুপস্থিত থাকা যায় না।
মামলার প্রেক্ষাপট
মামলাকারী একজন রেলকর্মী। ২০১৫ সালে বাবার মৃত্যুর পর ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে সহানুভূতিমূলক নিয়োগের (Compassionate Appointment) ভিত্তিতে চাকরি পান। তাঁর বাবা রেলে গুডস সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। চাকরিতে যোগ দেওয়ার সময় তিনি মায়ের দেখভালের দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছিলেন। পরবর্তীতে তাঁর মায়ের স্তন ক্যানসার ধরা পড়ে।
২০১৭ সালে ওই কর্মীকে দানাপুরে বদলি করা হয়। ২০২০ সালের ডিসেম্বর মাসে তিনি টিসিএম গ্রেড-II পদে উন্নীত হন এবং দানাপুর ডিভিশনেই কাজ চালিয়ে যান। পরবর্তীতে টিসিএম গ্রেড-I-এ পদোন্নতি হলে তাঁকে আরায় বদলি করা হয়। কিন্তু মায়ের শারীরিক অবস্থার কথা জানিয়ে দানাপুরেই যাতে তাঁকে রাখা হয়, সেই আবেদন জানান।
২০২৫ সালের ১৯ অগস্ট সিনিয়র ডিভিশনাল সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়র একটি অফিস অর্ডারে তাঁকে দানাপুরে পোস্টিং দেখান। একই দিনে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারের তরফে তাঁকে আরায় কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কর্মীর দাবি, একই দিনে জারি হওয়া দুই পরস্পরবিরোধী নির্দেশের জেরে তিনি দানাপুরে হাজিরা দিতে পারেননি।
এরপর রেল কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে অনুমতি ছাড়া কাজে অনুপস্থিত থাকার অভিযোগে মাইনর পেনাল্টির চার্জ মেমো জারি করে। ওই কর্মী সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দ্বারস্থ হন। ট্রাইব্যুনাল কর্তৃপক্ষকে তাঁর আবেদন বিবেচনা করার নির্দেশ দেয়। কিন্তু রেল কর্তৃপক্ষ জানায়, দানাপুর, পটনা বা পাটলিপুত্রে টিসিএম গ্রেড-I-এ কোনও শূন্যপদ নেই। ফলে তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়।
২০২৬ সালের ১৩ এপ্রিল ওই কর্মী পদোন্নতি প্রত্যাখ্যান করেন। তাঁর বক্তব্য ছিল, মায়ের অসুস্থতার কারণে আরায় গিয়ে কাজে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।
এরপর ফের ট্রাইব্যুনালের দ্বারস্থ হন তিনি। আবেদনের পাশাপাশি তাঁর বিরুদ্ধে জারি হওয়া চার্জ মেমোকেও চ্যালেঞ্জ করেন। কিন্তু ট্রাইব্যুনাল তাঁর আবেদন খারিজ করে দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই পটনা হাইকোর্টে মামলা দায়ের করেন ওই রেলকর্মী।
কী যুক্তি দিয়েছিলেন মামলাকারী?
কর্মীর দাবি, রেল কর্তৃপক্ষ একই দিনে দুটি পরস্পরবিরোধী নির্দেশ জারি করেছিল। ফলে তিনি দানাপুর কিংবা আরা, কোনও জায়গাতেই কাজে যোগ দিতে পারেননি। পাশাপাশি, RTI-এর মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি দাবি করেন, দানাপুর ও পটনায় টিসিএম গ্রেজ-I-এ শূন্যপদ ছিল। তা সত্ত্বেও কর্তৃপক্ষ কেন শূন্যপদ নেই বলে জানিয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তাঁর আরও যুক্তি ছিল, মায়ের অসুস্থতার কথা জানানো সত্ত্বেও তাঁকে আরায় বদলি করার সিদ্ধান্তে অনড় ছিল রেল কর্তৃপক্ষ। সেই পরিস্থিতিতে বাধ্য হয়েই তিনি পদোন্নতি প্রত্যাখ্যান করেন।
অন্যদিকে, রেল কর্তৃপক্ষের বক্তব্য ছিল, পদোন্নতির সঙ্গে পোস্টিংয়ের নির্দেশ দেওয়া হলেও ওই কর্মী আরায় গিয়ে কাজে যোগ দেননি। রেলের নিয়ম অনুযায়ী, পদোন্নতি প্রত্যাখ্যান করার পর এক বছরের মধ্যে একই পদের জন্য তাঁকে ফের পদোন্নতির বিবেচনায় আনা সম্ভব নয়। পাশাপাশি, অনুমতি ছাড়া কাজে অনুপস্থিত থাকার কারণেই তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হয়েছে।
কী পর্যবেক্ষণ আদালতের?
মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ জানায়, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর ওই কর্মীকে টিসিএম গ্রেড-I পদে উন্নীত করে আরায় যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও তিনি বেশ কয়েক মাস দানাপুরেই কাজ চালিয়ে যান। ২০২৫ সালের ৩ জানুয়ারি তাঁকে দানাপুরে ফের কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল বলে দাবি করলেও, তার স্বপক্ষে কোনও নথি আদালতে পেশ করতে পারেননি তিনি।
এছাড়া, ২০২৫ সালের ১৯ অগস্ট জারি হওয়া দুই পরস্পরবিরোধী নির্দেশ নিয়ে তিনি অবিলম্বে কর্তৃপক্ষের দ্বারস্থ হননি। বরং চার মাসেরও বেশি সময় পর ট্রাইব্যুনালের কাছে যান।
একটি মামলার রায়ের উল্লেখ করে আদালত জানায়, সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক বিষয়। এর ফলে কোনও সরকারি কর্মীর পরিষেবার শর্ত তাঁর অসুবিধার জন্য পরিবর্তন করা যায় না।
পাশাপাশি সুপ্রিম কোর্টের এন সি সিংঘল বনাম ইউনিয়ন অব ইন্ডিয়া মামলার রায়ের উল্লেখ করে বেঞ্চ জানায়, কোনও কর্মী একবার প্রস্তাবিত পদোন্নতি প্রত্যাখ্যান করলে, যে সময় তাঁর পদোন্নতির সুযোগ তৈরি হয়েছিল, সেই সময় থেকেই ওই পদে নিজের অধিকার দাবি করতে পারেন না।
দ্য তামিলনাড়ু এগ্রিকালচার ইউনিভার্সিটি বনাম আর আগিলা মামলার রায়ের কথাও উল্লেখ করে আদালত জানায়, কোনও কর্মীর বদলির নির্দেশ জারি হলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যতক্ষণ না সেই নির্দেশ স্থগিত, সংশোধন বা বাতিল করছে, ততক্ষণ তা মেনে চলা বাধ্যতামূলক। বদলির বিরুদ্ধে আবেদন জানানো হয়েছে মানেই কাজে অনুপস্থিত থাকার অধিকার তৈরি হয় না।
আদালতের আরও পর্যবেক্ষণ, দানাপুর বা পটনায় শূন্যপদ থাকলেও সেখানে পোস্টিং পাওয়ার অধিকার কোনও কর্মীর তৈরি হয় না। প্রশাসনিক প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনা করে কর্মীদের পোস্টিং দেওয়ার এক্তিয়ার নিয়োগকর্তার রয়েছে।
সব দিক বিবেচনা করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের আগের নির্দেশই বহাল রাখে পটনা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে ওই রেলকর্মীর দায়ের করা মামলাও খারিজ করে দেয় আদালত।