নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে কালোবাজারি চলছে না তো? পোস্তায় হানা ইবির
এই সময়: নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম নিয়ে মধ্যবিত্তের এখন কার্যত ঘুম উড়েছে। সব্জির দাম এক রকম আকাশছোঁয়া। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তেল, চাল, ডাল, চিনি ও মশলার দামও।
এ সব মজুত করে কালোবাজারি হচ্ছে কি না, সেটা খতিয়ে দেখতে শনিবার পোস্তায় যান কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) কর্মী ও অফিসাররা। তাঁরা একাধিক গুদাম, পাইকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে স্টক মিলিয়ে দেখেন। তাঁদের সঙ্গে ছিলেন কলকাতা পুরসভা ও কৃষি দপ্তরের আধিকারিকরাও।
মূলত চিনি, সরষের তেল-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী–মশলাপাতির পাইকারি দাম কত, বাজারে কী পরিমাণ পণ্য মজুত রয়েছে এবং সেই মজুতের সঙ্গে বিক্রির হিসেব মিলছে কি না, সে সব এ দিন খতিয়ে দেখা হয়।
ইবি–র অফিসারদের বক্তব্য, পণ্যের পর্যাপ্ত জোগান থাকা সত্ত্বেও কেউ যাতে অতিরিক্ত মুনাফা পাওয়ার আশায় গুদামে পণ্য আটকে রেখে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না–পারেন, সেটা দেখা হচ্ছে।