লিটল বিট অফ রিটস, পোর্টফোলিওতে ঠাঁই দিলেই মিলবে লাভ, কী ভাবে করবেন বিনিয়োগ?
রিটস কী?
আর্থিক বাজারের ভাষায়, সরাসরি কোনও ‘ফিজিক্যাল প্রপার্টি’ না কিনেও কোনও আবাসন ক্ষেত্রের মালিকানার একটি ছোট অংশ হাতে পাওয়ার অন্যতম মাধ্যম হলো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টস (রিটস)। তবে সহজ ভাষায় বললে, যে ভাবে আপনি দেশের সেরা সংস্থাগুলির শেয়ারে কোনও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার মাধ্যমে বিনিয়োগ করে থাকেন, ঠিক সেই পদ্ধতিতেই দেশের বড় বড় রিটেল স্পেস, রেসিডেনশিয়াল স্পেস এবং অফিস স্পেস-এ বিনিয়োগ করা যায় রিটস-এর মাধ্যমে।
বিশেষজ্ঞদের একাংশের ব্যাখ্যা, প্রচলিত রিয়েল এস্টেট-এ বিনিয়োগের ক্ষেত্রে চিরকালীন যে পদ্ধতি রয়েছে তা হলো, কোনও ব্যক্তি নিজে একটি অফিস স্পেস বা রেসিডেনশিয়াল অ্যাপার্টমেন্ট কিনবেন, এবং পরে তা ব্যক্তি বা সংস্থাকে ভাড়া দেবেন। এ ক্ষেত্রে সব থেকে বড় ‘কাঁটা’ বিনিয়োগের অঙ্ক। যা কয়েকশো কোটিও হতে পারে। ফলে তা আমজনতার ধরাছোঁয়ার বাইরে চলে যায়। এমন পরিস্থিতিতে কি আপনার পোর্টফোলিও থেকে আবাসন ক্ষেত্র মুছে যাবে? সেই সমস্যা সমাধানেই রিয়েল এস্টেট সংস্থাগুলির একাংশ নিজেদের ইনভেস্টমেন্ট ট্রাস্টস আমজনতার দরবারে খুলে দিয়েছে। যেখান থেকে সামান্য টাকা খরচ করেই আপনি কিনে নিতে পারবেন ইনভেস্টমেন্ট ট্রাস্টস-এর ইউনিট। যার ফলে আপনিও হয়ে যাবেন ওই ট্রাস্টস-এর হাতে থাকা আবাসনগুলির একটি ছোট অংশের মালিক। শেয়ারে যে ভাবে ডিভিডেন্ড আসে, ঠিক তেমনই যখন আপনার কেনা রিয়েল এস্টেট থেকে ভাড়া আসবে, তার একটি অংশ মালিক হিসেবে আপনিও পাবেন। যা সংস্থাগুলি প্রতি ত্রৈমাসিকে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেন।