Shah Rukh Khan: ‘মেয়েরা চাইবে আমার মতো স্বামী পেতে… কিন্তু সেটা…’, স্টারডমের কথা উঠতেই এ কী বললেন শাহরুখ? | Shah rukh khan on stardom husband remark house of instagram
বয়স ৬০ পেরোলেও পর্দায় কিংবা মঞ্চে তাঁর ক্যারিশ্মায় আজও মুগ্ধ দর্শক। বিশ্বজুড়ে ভারতীয় সিনেমার জনপ্রিয়তার কথা উঠলে শাহরুখ খানের নামই সবার আগে আসে। অনুরাগীদের চমকে দিতে তিনি বরাবরই সিদ্ধহস্ত। তবে ভক্তকুলের সঙ্গে নিজের এই দীর্ঘদিনের বন্ধনকে নিছক ‘ফ্যানডম’-এর গণ্ডিতে বাঁধতে চান না বাদশা। তাঁর সাফ কথা, “আমার কোনও ফ্যানডম নেই, রয়েছে ভালোবাসার কিংডম।”
সম্প্রতি মেটার বিশেষ আয়োজন ‘হাউস অফ ইনস্টাগ্রাম’-এ নিজের আগামী সিনেমা ‘কিং’-এর গান ‘ড্যাডি কুল’ প্রকাশ্যে আনেন শাহরুখ। সেই মঞ্চেই বিশ্বব্যাপী বিপুল জনপ্রিয়তা ও ফ্যানডম নিয়ে প্রশ্ন করা হলে রসিকতার সুরে নিজের মনের কথা জানান তিনি। শাহরুখ বলেন, “আমি জানি, মা-বাবা চাইবেন তাঁদের ছেলে আমার মতো হোক। পুরুষরা চাইবেন আমার মতো ভাই পেতে। আর মেয়েরা চাইবেন আমার মতো স্বামী পেতে— যদিও শেষেরটা খুব একটা ভালো নয়!”
নিজের মন্তব্যের ব্যাখ্যায় শাহরুখ জানান, সব বয়সের দর্শকের সঙ্গে তাঁর এক গভীর আত্মিক যোগ তৈরি হয়েছে। তাঁর মতে, এই ভালোবাসা কেবল প্রতিভা বা পরিশ্রমের ফসল নয়, বরং এক বড় সৌভাগ্য, যার মূল্য তিনি শুরুতেই বুঝেছিলেন। দর্শকদের এই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান দেওয়া এবং তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকাটাই তাঁর কাছে আসল। যেহেতু তিনি নিজের চারপাশে এক ভালোবাসার সাম্রাজ্য অনুভব করেন, তাই হয়তো মানুষ তাঁকে ‘কিং’ বলে ডাকেন।
অনুষ্ঠানে অনুরাগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি জীবনের গভীর দর্শনও তুলে ধরেন অভিনেতা। শাহরুখের বিশ্বাস, জীবনে মন ভাঙা অত্যন্ত প্রয়োজনীয় একটি অভিজ্ঞতা। তাঁর কথায়, হৃদয়ভঙ্গ মানুষকে সামনের দিকে এগোতে শেখায়। কষ্ট পেলে মানুষ বুঝতে শেখে কীভাবে প্রকৃত অর্থে ভালোবাসতে হয় এবং অন্যকেও তা শেখাতে পারে। মন ভাঙার পর পাওয়ার আকাঙ্ক্ষার বদলে দেওয়ার মানসিকতা তৈরি হয়, আর সেই উদারতাই মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে।